
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামান। সোমবার (৯ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
মুহা. মনিরুজ্জামান বর্তমানে স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। অফিস আদেশে জানানো হয়েছে, তিনি প্রচলিত বিধি-বিধান অনুযায়ী এই অতিরিক্ত দায়িত্বের জন্য নির্ধারিত ভাতা পাবেন।
এর আগে রোববার (৮ মার্চ) ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম ব্যাপারী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের দপ্তরে পদত্যাগপত্র জমা দেন। তাঁর পদত্যাগের পর শূন্য হওয়া এই পদে আজ মনিরুজ্জামানকে নিয়োগ দেওয়া হলো।