তারেক রহমানের হাত ধরেই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে : ফারুক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৬, ১৬:১২ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব—এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, দেশে সুশাসন আসবেই এবং সেই সুশাসনের পথপ্রদর্শক হবেন একমাত্র তারেক রহমান। রবিবার (১৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে বাংলাদেশ জাতীয় বাস্তহারা দলের কেন্দ্রীয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জয়নুল আবদিন ফারুক বলেন, তারেক রহমান তাঁর বাবা-মায়ের আদর্শ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে দীর্ঘ ১৬ বছর দেশের বাইরে অবস্থান করে বাংলাদেশের মানুষের জন্য পরিকল্পনা তৈরি করেছেন। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি উপযুক্ত সময়ের অপেক্ষায় রয়েছেন। ইনশাআল্লাহ জনগণের ভোটে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন—এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, তাঁর পরিকল্পনা সফল হোক—এ জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করি। তিনি আরও বলেন, তারেক রহমানের পরিকল্পনাকে ব্যর্থ করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বলা হচ্ছে পরিস্থিতি নাকি হেলে পড়েছে, অথচ বাস্তবে হেলে পড়েছে তারাই। টানা ১০ বছর আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে যাদের বিরুদ্ধে কোনো হামলা-মামলা হয়নি, জুলাই আন্দোলনে তাদের অবস্থান জনগণ দেখেছে। এরাই আগে নির্বাচন-পূর্ব গণভোট ও পিআর পদ্ধতির কথা বলেছে, এখন আবার নির্বাচন কমিশনে গিয়ে নানা বক্তব্য দিচ্ছে। এসব নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পূর্বাভাস বলেও মন্তব্য করেন তিনি। ফারুক বলেন, তারেক রহমানের প্রথম পরিকল্পনা হবে তরুণ সমাজকে মাদকাসক্তি থেকে মুক্ত করা। পাশাপাশি সারা দেশে কোটি কোটি গাছ লাগানো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে খাল খননের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, জরাজীর্ণ হাসপাতালগুলোর উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন—এসবই তাঁর বাস্তবমুখী পরিকল্পনার অংশ। তিনি আরও বলেন, সাংবাদিকদের লেখার স্বাধীনতা না থাকলে প্রকৃত স্বাধীনতা ক্ষুণ্ন হয়। গণমাধ্যমের স্বাধীনতা যেন কোনোভাবেই আবার রুদ্ধ না হয়, সে বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন। আলোচনা সভায় তিনি শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন। অনুষ্ঠানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ খ ম মোজাম্মেল হক, বিলকিস ইসলাম, আয়োজক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শরীফ নাগীব, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।