• ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমান দেশে আসায় রাজনীতিতে ‘গুণগত পরিবর্তন’ এসেছে: দুলু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৬, ১৭:৩২ অপরাহ্ণ
তারেক রহমান দেশে আসায় রাজনীতিতে ‘গুণগত পরিবর্তন’ এসেছে: দুলু

নাটোর-৪ আসনের সাবেক এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারীর কটুক্তির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে কথা বলেন দুলু।

সংবাদটি শেয়ার করুন....

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তিনি উল্লেখ করেন, এই আগমনের পর বাংলাদেশে একটি নীরব কিন্তু গভীর পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যা রাজনীতিতে গুণগত রূপান্তরের ইঙ্গিত দিচ্ছে। দেশের জনগণ ঐক্য ও সংহতির মাধ্যমে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এবং আন্তর্জাতিক পরিসরেও একটি ভিন্ন বাংলাদেশের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। একজন নেতার ফিরে আসা যে একটি জাতির গতিপথ বদলে দিতে পারে, তার প্রমাণ এখন দৃশ্যমান। নাটোর-৪ আসনের সাবেক এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারীর কটুক্তির প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন দুলু। তিনি আরও বলেন, শরীফ ওসমান হাদির মৃত্যুর পর দেশে দ্রুত অনিশ্চয়তা ও অস্থিরতার আবহ তৈরি হয়েছিল এবং এতে সরকার চরম চাপে পড়ে যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও শঙ্কা বাড়িয়ে তোলে। এমন প্রেক্ষাপটে তারেক রহমানের দেশে ফেরা ছিল জাতীয় স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে একটি সময়োপযোগী ও দৃঢ় পদক্ষেপ। তারেক রহমানের আগমনের পর মাত্র দশ দিনের ব্যবধানে বাংলাদেশ নতুন রাজনৈতিক মেরুকরণের পথে অগ্রসর হয়েছে। দুলু অভিযোগ করে বলেন, বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নুর বাবুকে বনপাড়ার মাটিতে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় পাটোয়ারী হাসপাতালে নেওয়ার পর আওয়ামী লীগের বিনা ভোটের এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারী তার হাত-পায়ের রগ কেটে নিশ্চিতভাবে বাবুর মৃত্যু ঘটান। অথচ সেই ব্যক্তি আজ প্রকাশ্যে বক্তব্য দিয়ে বিএনপি নেতৃত্বকে নিয়ে কটূক্তি করছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাবু হত্যার ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে তিনি প্রশাসনকে সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তারের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন এবং নেতাকর্মীদের যেকোনো ধরনের উসকানি থেকে বিরত থাকার আহ্বান জানান।