• ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের ইতিহাসে এর আগে এমন প্রস্তুতি নেওয়া হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১৭:৩২ অপরাহ্ণ
নির্বাচনের ইতিহাসে এর আগে এমন প্রস্তুতি নেওয়া হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা
সংবাদটি শেয়ার করুন....

নির্বাচনে ভোটের দিনে কোনো ধরনের অঘটনের আশঙ্কা নেই। আইনশৃঙ্খলা রক্ষায় যে সংখ্যক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, দেশের নির্বাচনী ইতিহাসে এমন ব্যাপক প্রস্তুতি আগে কখনো দেখা যায়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

মঙ্গলবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলার কর্মকর্তাদের নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূর্ববর্তী নির্বাচনগুলোতে যেসব সহিংসতার ঘটনা ঘটেছিল, এবারের নির্বাচনে তেমন কোনো পরিস্থিতি এখন পর্যন্ত দেখা যায়নি। সার্বিক অবস্থা স্বাভাবিক রয়েছে। ভোটের দিনে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রস্তুতির মান অত্যন্ত ভালো। ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আনসার সদস্যরা কেন্দ্রে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সুরক্ষা অ্যাপ সক্রিয় হবে। ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। যেসব কেন্দ্রে বাউন্ডারি নেই, সেখানে বাউন্ডারি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব ব্যবস্থার ফলে নির্বাচন উৎসবমুখর পরিবেশে, অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের বিভাগীয় কর্মকর্তা এবং বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।