
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৬ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখা হয়েছে। আসন্ন নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশা রয়েছে। নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, তাহলে রাষ্ট্র সংস্কারের একটি বড় সুযোগ তৈরি হবে। এখন পর্যন্ত নির্বাচনের সার্বিক পরিবেশ অনুকূলে রয়েছে বলে তারা মনে করছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক ঠাকুরগাঁও সফর রাজনৈতিকভাবে ইতিবাচক প্রভাব ফেলেছে। এবারের নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, বিএনপি সব নির্বাচনকেই গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং প্রতিপক্ষকে কখনোই হালকাভাবে নেয় না। জামায়াত কৌশলগতভাবে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে এবং ভুয়া তথ্য ছড়ানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। তবে বিএনপি সব সময় ইতিবাচক ও গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী বলে উল্লেখ করেন।