• ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে : তারেক রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১৭:২৭ অপরাহ্ণ
নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে : তারেক রহমান
সংবাদটি শেয়ার করুন....

নকল সিল, বিভ্রান্তিকর প্রতিশ্রুতিসহ নির্বাচনকে ঘিরে সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নির্বাচন নিয়ে একটি মহল ইতোমধ্যেই ষড়যন্ত্র শুরু করেছে। পত্রিকার পাতায় সেসব খবর উঠে এসেছে। বিভিন্নভাবে তাদের লোকজন সাধারণ মানুষের কাছে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিশেষ করে মা-বোনদের কাছে গিয়ে এমন সব প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, যেগুলো বাস্তবসম্মত নয় এবং বায়বীয়।

সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডি কলাবাগান মাঠে ঢাকা-১০ আসনের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। সভায় সভাপতিত্ব করেন ঢাকা-১০ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী শেখ রবিউল আলম রবি।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশ গঠনের নির্বাচন হিসেবে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, এই নির্বাচন সেই নির্বাচন, যার জন্য বাংলাদেশের মানুষ গত ১৬ বছর ধরে অপেক্ষা করেছে। এটি মানুষের রাজনৈতিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার নির্বাচন।

তিনি বলেন, গত ১৬ বছরে নির্বাচনের নামে আমরা তামাশা দেখেছি। কেউই প্রকৃত অর্থে ভোট দিতে পারেনি। আজ সেই সময় এসেছে, যখন বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে ভোট দিতে পারবে।

তারেক রহমান বলেন, এই নির্বাচনে ভোট দেওয়ার মাধ্যমে মানুষ শুধু রাজনৈতিক অধিকারই প্রতিষ্ঠা করবে না, বরং এই নির্বাচন হতে হবে দেশ গঠনের নির্বাচন, মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন।

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র বিএনপিরই রয়েছে নারীদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তোলার সুস্পষ্ট কর্মসূচি ও পরিকল্পনা। নারীদের সফলভাবে এগিয়ে নেওয়ার রূপরেখা কেবল বিএনপির কাছেই রয়েছে।

তিনি বলেন, গত ১৬ বছরে বহু মেগা প্রকল্প হয়েছে, আর মেগা প্রকল্প মানেই হয়েছে মেগা দুর্নীতি। কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। গ্রামগঞ্জসহ সর্বত্র হাসপাতালে গেলে ওষুধ পাওয়া যায় না, ডাক্তার পাওয়া যায় না। স্কুল-কলেজগুলোর অবস্থা নাজুক, রাস্তাঘাট ভেঙে পড়েছে। এমন আরও বহু সমস্যায় দেশ জর্জরিত।