• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মিথ্যা ঘোষণায় রুই আমদানি, বেনাপোল বন্দরে চালান আটক

বেনাপোল প্রতিনিধি, যশোর
প্রকাশিত মার্চ ৩, ২০২৬, ১৭:১০ অপরাহ্ণ
মিথ্যা ঘোষণায় রুই আমদানি, বেনাপোল বন্দরে চালান আটক
সংবাদটি শেয়ার করুন....

বেনাপোল স্থলবন্দর-এ মিথ্যা ঘোষণায় আমদানি করা রুই মাছের একটি চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার রাত ১০টার দিকে বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে ভারত থেকে আসা একটি ট্রাক তল্লাশি করে চালানটি জব্দ করা হয়। পরে মঙ্গলবার বিকেলে মাছগুলো নিলামে তোলা হয়েছে।

কাস্টমস সূত্র জানায়, ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান ‘সাজ্জাত এন্টারপ্রাইজ’ সামুদ্রিক মাছ ঘোষণা দিয়ে চালানটি আমদানি করে। তবে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস সদস্যরা ট্রাকটি পরীক্ষা করে দেখতে পান, ঘোষণার সঙ্গে পণ্যের মিল নেই। ট্রাকে থাকা ১০টি প্যাকেজ থেকে মোট ৬০০ কেজি রুই মাছ উদ্ধার করা হয়।

অভিযোগ রয়েছে, বহুল আলোচিত সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ‘আলেয়া এন্টারপ্রাইজ’ শুল্ক ফাঁকি দিয়ে চালানটি খালাসের চেষ্টা করছিল। এর আগে গত ১৩ জানুয়ারি মিথ্যা ঘোষণায় আমদানি করা ৫ হাজার ৯৪৩ কেজি ইলিশের একটি চালানও বন্দরে আটক হয়। ওই ঘটনাতেও সংশ্লিষ্ট একটি চক্রের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।

বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেন বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘোষণাবহির্ভূত রুই মাছ জব্দ করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বন্দর সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এক শ্রেণির অসাধু ব্যবসায়ীর শুল্ক ফাঁকির কারণে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে প্রায় ১ হাজার ১৩ কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। আলোচিত কয়েকটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অনিয়মের অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ার সমালোচনা রয়েছে। অভিযোগ আছে, কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার যোগসাজশে ধরা পড়া প্রতিষ্ঠানগুলো নানা কৌশলে লাইসেন্স বহাল রেখে আবারও ব্যবসায় ফিরে আসে।

এ ঘটনায় বন্দরের শুল্ক ব্যবস্থাপনা ও নজরদারি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।