
আসন্ন রমজান মাসে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সময়সূচি অনুযায়ী রমজান মাসে ব্যাংকের লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এবং অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ফলে দেশের সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এ সময়ের মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন কার্যক্রম অব্যাহত রাখা যাবে। সাধারণত ব্যাংকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন হয় এবং অফিসিয়াল কার্যক্রম সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত হয়। রমজান মাস শেষ হলে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পুনরায় আগের অবস্থায় ফিরে যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।