• ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রাজনৈতিক দলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে : ইসি আনোয়ারুল

অনলাইন ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৬, ১৭:২০ অপরাহ্ণ
রাজনৈতিক দলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে : ইসি আনোয়ারুল
সংবাদটি শেয়ার করুন....

রাজনৈতিক দলগুলোর উত্থাপিত অভিযোগ যাচাই-বাছাইয়ের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সোমবার দুপুরে নির্বাচন কমিশনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, বড় দল কিংবা ছোট দল—এমন কোনো ভেদাভেদ নেই। যারা নির্বাচনে অংশ নেবে, তারা সবাই নির্বাচন কমিশনের কাছে সমান। রাজনৈতিক দলগুলো নিয়মিত কমিশনে এসে তাদের অভিযোগ ও পরামর্শ তুলে ধরছে, যা কমিশনের কাজকে আরও সমৃদ্ধ করছে। ছোটখাটো সমস্যাগুলোর সমাধান কমিশন ইতোমধ্যেই করে যাচ্ছে। এখন পর্যন্ত বড় কোনো জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। তবে রাজনৈতিক দলগুলোর দেওয়া বক্তব্য ও অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপিল শুনানি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুনানিগুলোতে প্রার্থীদের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, একটি ভালো ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রার্থীরা যেভাবে আপিল শুনানিতে নিজেদের অবস্থান তুলে ধরেছেন, ভোটের মাঠেও তারা সেই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে কমিশন আশাবাদী।

নির্বাচন কমিশনের ওপর কোনো ধরনের চাপ আছে কি না—এমন প্রশ্নের উত্তরে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, একটি কমিশনের জন্য জাতীয় নির্বাচন পরিচালনার সুযোগ সাধারণত একবারই আসে। কোনো কমিশন আগের নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে কাজ করার সুযোগ পায় না। তবুও কমিশন কোনো ধরনের চাপের মধ্যে নেই। সবাই একটি ভালো নির্বাচন চায়, নির্বাচন কমিশনও সেটিই নিশ্চিত করতে চায়।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...