
জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এই ভাষণ প্রদান করবেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে। আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য দেশের ত্রয়োদশ সাধারণ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন সংক্রান্ত গণভোটকে সামনে রেখে তিনি এ ভাষণ দেবেন। প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, ভাষণে তিনি নির্বাচন ও গণভোট বিষয়ে সরকারের অবস্থান, প্রস্তুতি এবং দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরবেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও এটি প্রচার করা হবে। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার সারাদেশে একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার সংশ্লিষ্ট গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের দুই দিন আগে প্রধান উপদেষ্টার এই ভাষণ জাতির জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।