• ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

৪০ বছরের রীতি ভেঙে ভক্তদের সঙ্গে সিনেমা দেখলেন রজনীকান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ণ
৪০ বছরের রীতি ভেঙে ভক্তদের সঙ্গে সিনেমা দেখলেন রজনীকান্ত
সংবাদটি শেয়ার করুন....

দীর্ঘ চার দশকের রীতি ভেঙে নিজের নতুন সিনেমা ‘জেলার ২’ ভক্তদের সঙ্গে প্রেক্ষাগৃহে বসে দেখেছেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার রজনীকান্ত। শুক্রবার চেন্নাইয়ের ভেলাচেরির ফিনিক্স মলের পিভিআর সিনেমাসে তাঁর আকস্মিক উপস্থিতি ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে দেয়। মুক্তির পর বক্স অফিসেও সাফল্য পেয়েছে সিনেমাটি।

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় তারকা রজনীকান্তের নতুন সিনেমা মুক্তি পেলেই প্রেক্ষাগৃহে ভক্তদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়। তবে সাধারণত দর্শকদের সঙ্গে প্রেক্ষাগৃহে বসে নিজের সিনেমা দেখার জন্য জনসমক্ষে হাজির হন না তিনি। এবার সেই দীর্ঘদিনের রীতি ভেঙে ‘জেলার ২’ দেখতে চেন্নাইয়ের একটি প্রেক্ষাগৃহে উপস্থিত হন এই বর্ষীয়ান অভিনেতা।

গত শুক্রবার চেন্নাইয়ের ভেলাচেরিতে ফিনিক্স মলের পিভিআর সিনেমাসে যান রজনীকান্ত। প্রযোজনা সংস্থা সান পিকচার্সের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, শপিং মলে পৌঁছানোর পর সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরসহ কয়েকজন তাঁকে স্বাগত জানান। পরে প্রেক্ষাগৃহে গিয়ে সাধারণ দর্শক ও ভক্তদের পাশে বসে সিনেমাটি উপভোগ করেন তিনি।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে সান পিকচার্স জানায়, চার দশকের মধ্যে এই প্রথমবার বড় পর্দায় ‘জেলার ২’ দেখতে ভক্তদের সঙ্গে যোগ দিয়েছেন সুপারস্টার রজনীকান্ত।

নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলার ২’ গত ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর থেকেই বিশ্বব্যাপী বক্স অফিসে ভালো ব্যবসা করছে সিনেমাটি। চলচ্চিত্র বাণিজ্যবিষয়ক সংস্থা স্যাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির মাত্র নয় দিনের মধ্যে বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৬০০ কোটি রুপি ছাড়িয়ে যায়। প্রথম দিনেই বিশ্বজুড়ে ১২৫ কোটি ২৫ লাখ রুপি আয় করে এটি। প্রথম সপ্তাহ শেষে মোট আয় দাঁড়ায় ৫৪৯ কোটি রুপির বেশি।

ইতিমধ্যে আগের পর্ব ‘জেলার’-এর আয়ের রেকর্ডও ছাড়িয়ে গেছে ‘জেলার ২’। এর মধ্য দিয়ে সিনেমাটি তামিল চলচ্চিত্রের সর্বোচ্চ আয়কারী ছবিগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে।

বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সমালোচক, সাধারণ দর্শক ও বিনোদনজগতের তারকাদের কাছ থেকেও প্রশংসা পাচ্ছে সিনেমাটি। বলিউড অভিনেতা রিতেশ দেশমুখ ছবিটি দেখে রজনীকান্তের তারকাখ্যাতির প্রশংসা করেছেন এবং একে ‘মহাব্লকবাস্টার’ বলে অভিহিত করেছেন। ইন্টারভালের সময় নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান, সিনেমার প্রতিটি বিশেষ মুহূর্তে তালি দিয়েছেন এবং সিটি বাজিয়েছেন।

এ ছাড়া কমল হাসান, ধানুশ ও কার্তিক সুব্বারাজসহ বিনোদনজগতের অনেক বিশিষ্ট ব্যক্তি রজনীকান্ত, পরিচালক নেলসন দিলীপকুমার, সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর এবং প্রযোজনা সংস্থা সান পিকচার্সকে অভিনন্দন জানিয়েছেন।

কালানিথি মারানের প্রযোজনা সংস্থা সান পিকচার্সের ব্যানারে নির্মিত সিনেমাটিতে রজনীকান্তের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এস জে সূর্য, মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান, সুরজ ভেঞ্জারমুডু, রাম্যা কৃষ্ণান ও যোগী বাবু। সিনেমাটির সাফল্যের পাশাপাশি দীর্ঘ চার দশক পর ভক্তদের সঙ্গে প্রেক্ষাগৃহে রজনীকান্তের উপস্থিতি তাঁর অনুরাগীদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে।

সূত্র: এনডিটিভি