• ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বিক্ষোভ দমনে কঠোর ব্যবস্থা না নেয়ার নির্দেশ দিলেন ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৬, ১৯:৩৫ অপরাহ্ণ
বিক্ষোভ দমনে কঠোর ব্যবস্থা না নেয়ার নির্দেশ দিলেন ইরানের প্রেসিডেন্ট
সংবাদটি শেয়ার করুন....

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার দেশটির নিরাপত্তা বাহিনীকে অর্থনৈতিক বিক্ষোভ মোকাবিলায় কঠোর পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশ নেওয়া সাধারণ বিক্ষোভকারী এবং সশস্ত্র সহিংসতায় জড়িত দাঙ্গাকারীদের মধ্যে স্পষ্ট পার্থক্য করার ওপর গুরুত্ব আরোপ করেন। প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। প্রেসিডেন্টের এই সংযমের আহ্বান থেকে ধারণা করা হচ্ছে, পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কায় রয়েছে ইরান সরকার। ক্যাবিনেট বৈঠকের পর রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর প্রকাশিত একটি ভিডিওতে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাফর কায়েমপানাহ জানান, প্রেসিডেন্ট পেজেশকিয়ান বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের নিরাপত্তামূলক কঠোর ব্যবস্থা গ্রহণ না করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, যারা আগ্নেয়াস্ত্র, ছুরি কিংবা মাচেটি নিয়ে পুলিশ স্টেশন ও সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে, তারা দাঙ্গাকারী; শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সঙ্গে তাদের এক করে দেখা যাবে না। নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস’ (আইএইচআর) জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর অভিযানে এখন পর্যন্ত অন্তত ২৭ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজন ১৮ বছরের কম বয়সী। তবে সরকারি সূত্রের বরাতে ইরানি গণমাধ্যমে নিহতের সংখ্যা ১৩ বলে উল্লেখ করা হয়েছে, যার মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং মঙ্গলবার গুলিতে নিহত এক পুলিশ সদস্যও রয়েছে। এদিকে, ইরানি সেনাবাহিনীর প্রধান ও শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল আমির হাতামি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরানের বাইরে থেকে আসা কোনো হুমকি ইরান বিনা জবাবে মেনে নেবে না। ফারস বার্তা সংস্থাকে তিনি জানান, শত্রুপক্ষ যদি ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে ইরানের জবাব গত জুনে ইসরাইলের সঙ্গে হওয়া ১২ দিনের যুদ্ধের চেয়েও কঠোর হবে।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...