বাংলাদেশে সহিংসতাকে ‘ছোট পরিসরে রাষ্ট্রবিরোধী তৎপরতা’ বলছে নিউইয়র্ক টাইমস
হাসিনার সমর্থকদের বিরুদ্ধে পুলিশ, বিএনপি নেতাকর্মী ও সরকারি স্থাপনায় হামলার অভিযোগ, অন্তত চারজন নিহতের তথ্য
অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৬, ১৭:৫৯ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
বাংলাদেশের বর্তমান সরকারকে অস্থিতিশীল করার চেষ্টায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা ধারাবাহিক সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস (এনওয়াইটি)। এসব কর্মকাণ্ডকে ‘ছোট পরিসরে রাষ্ট্রবিরোধী তৎপরতা’ হিসেবে বর্ণনা করেছে সংবাদমাধ্যমটি।
শনিবার প্রকাশিত এবং রোববার হালনাগাদ করা প্রতিবেদনে বলা হয়, এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতায় অস্থিরতা বিরাজ করছে বাংলাদেশে। এ সময় হাসিনার সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পাশাপাশি ক্ষমতাসীন বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এসব সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনের তিনজন সদস্য এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় নিহত একজন বাস সহকারী রয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে গণপরিবহন, পুলিশ স্টেশন, একটি হাসপাতাল এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগ রয়েছে।
শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে সহিংসতা সবচেয়ে তীব্র আকার ধারণ করেছে বলে উল্লেখ করেছে নিউইয়র্ক টাইমস। সেখানে বিক্ষোভকারীরা যান চলাচলে বাধা সৃষ্টি, সরকারি সম্পত্তিতে হামলা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
এ পরিস্থিতিতে দেশের পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগের গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক অবরোধ করা হয়। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে সড়কটি খুলে দেওয়ার আগে টানা ৩৬ ঘণ্টা অবরোধের মধ্যে ছিল।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বিক্ষোভকারীরা অস্ত্র প্রদর্শন, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং এক পুলিশ সদস্যকে মারধর করে আহত করেছে।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এর আগে আন্দোলন দমনে তাঁর সরকারের প্রাণঘাতী অভিযানে জাতিসংঘের হিসাবে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হন।
২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন দমনে সংঘটিত অপরাধের বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে এ রায় দেওয়া হয়।
এদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ ও ‘পলাতক অপরাধী’ হিসেবে উল্লেখ করে তাঁকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য ভারতের প্রতি সরকারের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে আশ্রয় দেওয়ার কারণে ভারতের সমালোচনা করেছেন। চলতি সপ্তাহের শুরুতে তিনি মন্তব্য করেন, বিক্ষোভকারীরা ‘সীমান্তের ওপার’ থেকে নির্দেশনা নিয়ে কাজ করছে।
বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সহিংসতা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমটির এ প্রতিবেদন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।