
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদিয়ালা কারাগারে মারা গেছেন—এমন একটি গুঞ্জন কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে। যদিও এই গুজব বাড়তেই থাকছে, সরকারের পক্ষ বা কারা কর্তৃপক্ষ কেউই ইমরানের বর্তমান অবস্থা নিয়ে কোনো তথ্য প্রকাশ করছে না। এমনকি দীর্ঘ সময় ধরে তাঁর পরিবারের সদস্যরাও তাঁর সঙ্গে দেখা করতে পারেননি।—খবর এনডিটিভির।
এমন পরিস্থিতিতে ইমরান খানের অবস্থান ও নিরাপত্তা জানতে এবং হেফাজতে তাঁর সুরক্ষা নিশ্চিত করতে বিক্ষোভের ডাক দিয়েছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তবে এই প্রতিবাদ কর্মসূচি ঠেকাতে রাওয়ালপিন্ডি প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে, যার ফলে সকল ধরনের সভা–সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চীমা জানিয়েছেন, ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে।
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জননিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ১৪৪ ধারার নির্দেশনায় বলা হয়েছে—যেকোনো সভা, সমাবেশ, মিছিল বা বিক্ষোভসহ পাঁচজনের অধিক লোকের জমায়েতে কড়াকড়ি নিষেধাজ্ঞা থাকবে। অস্ত্র, লাঠি, পেট্রল বোমা বা কোনো ধরনের সহিংসতার উপকরণ বহন করা যাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া কেউ অস্ত্র প্রদর্শন করতে পারবে না এবং উসকানিমূলক বক্তব্যও নিষিদ্ধ। পুলিশের আরোপিত নিষেধাজ্ঞা ভাঙা যাবে না।
মোটরসাইকেলের পেছনে আরোহী বহন ও লাউডস্পিকার ব্যবহারেও নিষেধাজ্ঞা বহাল থাকবে। বর্তমানে পিটিআই নেতা ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আটক আছেন।