ইবির শাহ আজিজুর রহমান হলের নতুন প্রভোস্ট ড. আব্দুস সামাদ
অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৬, ২১:১৭ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আব্দুস সামাদ। বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ সূত্রে জানা যায়, শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট ড. মিজানুর রহমানের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় আগামী ৮ অক্টোবর থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত হলটির প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. আব্দুস সামাদ। বিধি অনুযায়ী তিনি অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
অধ্যাপক ড. আব্দুস সামাদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের একজন জ্যেষ্ঠ শিক্ষক। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রিতে বিএসসি (অনার্স) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরে জাপানের ইউনিভার্সিটি অব ৎসুকুবা থেকে মেডিকেল সায়েন্সেস বিষয়ে পিএইচডি সম্পন্ন করেন। পরবর্তীতে জাপান সোসাইটি ফর দ্য প্রমোশন অব সায়েন্সের (জেএসপিএস) পোস্টডক্টরাল ফেলোশিপ অর্জন করে একই বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেন।
১৯৯৮ সালে শিক্ষকতা জীবন শুরু করে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক থেকে অধ্যাপক পদে উন্নীত হন। দীর্ঘদিন ধরে তিনি পুষ্টি, খাদ্য প্রযুক্তি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, মেটাবলিজম ও জনস্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে পাঠদান ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন।
তিনি বিভাগীয় চেয়ারম্যান, অনুষদের ডিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।
গবেষণা ও একাডেমিক সহযোগিতার ক্ষেত্রেও ড. আব্দুস সামাদের দেশ-বিদেশে সম্পৃক্ততা রয়েছে। তিনি জাপানের নাগাসাকি বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব ৎসুকুবা, মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া এবং যুক্তরাষ্ট্রের নর্দার্ন মারিয়ানা কলেজের সঙ্গে গবেষণা ও একাডেমিক সহযোগিতায় যুক্ত ছিলেন।
এ ছাড়া বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (হেকেপ)সহ বিভিন্ন জাতীয় গবেষণা প্রকল্পে দায়িত্ব পালন করেছেন তিনি। তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র পুষ্টি, ডায়াবেটিস, খাদ্য ও স্বাস্থ্য, বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি। দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তাঁর একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
নতুন দায়িত্ব সম্পর্কে অধ্যাপক ড. আব্দুস সামাদ বলেন, অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে তিনি সবার সহযোগিতা কামনা করেন। হলের সব অংশীজনের সঙ্গে মতবিনিময় করে তাঁদের প্রত্যাশা অনুযায়ী হলের পরিবেশ ও শিক্ষার পরিবেশ উন্নয়নে কাজ করবেন।
তিনি আরও বলেন, নতুন আঙ্গিকে এমন কিছু করার পরিকল্পনা রয়েছে, যা দীর্ঘমেয়াদে স্মরণীয় হয়ে থাকবে। এ ছাড়া হলের আসন বরাদ্দসংক্রান্ত বিষয়গুলো বিস্তারিত জেনে যৌক্তিক পদক্ষেপ নেওয়া হবে।