জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কবে, জানালেন জামায়াত আমির
অনলাইন ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৬, ১৫:১৬ অপরাহ্ণ
সংগৃহীত ছবি
সংবাদটি শেয়ার করুন....
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, আগামীকাল অথবা পরশুর মধ্যেই জোটের আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সোমবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় জামায়াত আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এবং বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াত আমির। তিনি বলেন, নির্বাচন কমিশনে বর্তমানে আপিল শুনানি চলছে এবং আগামী ২১ জানুয়ারি থেকে প্রতীক বরাদ্দ ও আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হবে, তবে এখনো পর্যন্ত জামায়াত নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত হয়নি। এ প্রসঙ্গে তিনি বলেন, আপনারা আগামীকালের মধ্যেই দাওয়াত পাবেন, না হলে পরশুদিন—সবাইকে সামনে নিয়ে আমরা একসঙ্গে ঘোষণা দেব। ইইউ আগের নির্বাচনে কোনো পর্যবেক্ষক দল পাঠায়নি উল্লেখ করে এবার প্রতিনিধিদল পাঠানো হবে কি না জানতে চাইলে তিনি জানান, এবার ইউরোপীয় ইউনিয়ন প্রায় ২০০ জন প্রতিনিধি পাঠাবে, যারা জেলা ও সিটি করপোরেশন এলাকায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন। নির্বাচনের পর দেশের স্বার্থে খোলা মনে আলোচনায় বসতে চান জানিয়ে তিনি বলেন, তবে তা নিঃশর্ত নয়, কারণ অন্যের দায় জোর করে নিজের কাঁধে নেওয়ার প্রশ্ন আসে না; স্বচ্ছ জবাবদিহিতার দিকেই দেশকে এগিয়ে নিতে চান তারা। প্রশাসনের একটি অংশ আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) দোসর হিসেবে কাজ করেছে—এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তারা পরিবর্তিত হবে বলে আশা করেন, অন্যথায় তাদের পরিবর্তনে বাধ্য করা হবে। ইইউ প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিশিষ্ট শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ, উন্নয়ন টিম লিড দেওয়ান আলমগীর এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।