• ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচিত সরকারের ওপর শ্রমিক ইশতেহারের দায়িত্ব বর্তাবে : নজরুল ইসলাম

অনলাইন ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৬, ১৫:১৩ অপরাহ্ণ
নির্বাচিত সরকারের ওপর শ্রমিক ইশতেহারের দায়িত্ব বর্তাবে : নজরুল ইসলাম
সংবাদটি শেয়ার করুন....

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যারা আগামী নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হবে, শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব তাদের ওপরই বর্তাবে। শ্রমজীবী মানুষের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর কাছে শ্রমিক সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্বাচনের মাধ্যমে যারা সরকার গঠন করবে, তাদেরই শ্রমিক ইশতেহার কার্যকর করার দায় নিতে হবে। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, দীর্ঘদিন ধরে যারা শ্রমিক আন্দোলন ও শ্রমিকদের ন্যায্য অধিকারের পক্ষে কাজ করে যাচ্ছেন, তাদের অবদানের ফলেই শ্রমিক ইশতেহার প্রণয়ন ও ঘোষণা সম্ভব হয়েছে। তিনি বলেন, যারা নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় যাবে, তারা এই ইশতেহার বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং যারা ক্ষমতায় যেতে পারবে না, তারা শ্রমিক ইশতেহার বাস্তবায়নের জন্য গণতান্ত্রিক চাপ সৃষ্টি করবে—এমন প্রত্যাশা রয়েছে। রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে উল্লেখ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, শ্রমজীবী মানুষ দেশের একটি বৃহৎ অংশ হওয়ায় সব দিক বিবেচনায় তারা রাজনৈতিক দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, শ্রমিক ইশতেহারে শ্রমিকদের যেসব দাবি ও প্রত্যাশা প্রতিফলিত হয়েছে, সেগুলোর বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাওয়া যাবে বলে তিনি আশাবাদী। জনগণ ও দেশের স্বার্থে শ্রমজীবী মানুষের সন্তুষ্টি ও মর্যাদা নিশ্চিত করার দায়িত্ব রাজনীতিকদেরই নিতে হবে বলে মন্তব্য করেন নজরুল ইসলাম খান।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...