• ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ভোট ঘিরে টাকা ছড়াচ্ছে জামায়াত: সিইসির কাছে অভিযোগ বিএনপির

অনলাইন ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ণ
ভোট ঘিরে টাকা ছড়াচ্ছে জামায়াত: সিইসির কাছে অভিযোগ বিএনপির
সংবাদটি শেয়ার করুন....

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অর্থ বিতরণের অভিযোগ তুলে বিএনপি।

বুধবার সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সিইসির সঙ্গে দেখা করে এ অভিযোগ জানায়।

সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, বেশ কয়েকটি অপছন্দনীয় ঘটনা ঘটেছে, যা শুধু তাদের দল নয়—সারা দেশের মানুষের কাছেও অগ্রহণযোগ্য। এ কারণে বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনা প্রয়োজন বলে তারা মনে করেছেন, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে। তিনি বলেন, সৈয়দপুর বিমানবন্দরে এক রাজনীতিবিদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের ঘটনা নিয়ে বিভিন্ন আলোচনা চলছে। ন্যায়-অন্যায়ের বিচার যথাযথ প্রক্রিয়ায় হবে, তবে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এমন ঘটনা প্রশ্নের জন্ম দেয়।

বুধবার নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমিরের ব্যাগ থেকে ৭৪ লাখ টাকা উদ্ধারের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এছাড়া দেশের আরও কয়েকটি স্থানে জামায়াতের নেতাকর্মীদের কাছ থেকে অর্থ উদ্ধারের খবর পাওয়া গেছে। ভোটারদের মধ্যে অর্থ বিতরণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক জামায়াত নেতাকে কারাদণ্ড দেওয়ার তথ্যও প্রকাশিত হয়েছে।

সৈয়দপুরের ঘটনার পাশাপাশি লক্ষ্মীপুর, চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সিরাজগঞ্জের কামারখন্দ, বরগুনার পাথরঘাটা, নোয়াখালী, রাজশাহীর গোদাগাড়ী, ময়মনসিংহের ধোবাউড়া, কক্সবাজারের রামু ও বগুড়ার কাহালুতে জামায়াতে ইসলামীর নেতাদের বিরুদ্ধে নগদ অর্থ বা বিভিন্ন সামগ্রী বিতরণের অভিযোগ তোলেন নজরুল ইসলাম খান।

তিনি আরও জানান, এ সংক্রান্ত একাধিক সংবাদ ও ভিডিও নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জনগণকে আশ্বস্ত করার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, যে দলই হোক না কেন, কেউ যেন এমন কর্মকাণ্ডে জড়াতে না পারে সে বিষয়ে কমিশনের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া প্রয়োজন। মানুষের প্রত্যাশা, নির্বাচন কমিশন এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেবে।

নজরুল ইসলাম খান আরও বলেন, নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের একটি মন্তব্য নিয়ে তারা বিব্রত ও অসন্তুষ্ট। কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, সৈয়দপুরের ঘটনার প্রসঙ্গে তিনি মন্তব্য করেছেন—‘৫০ লাখ কেন, প্রয়োজনে ৫ কোটি টাকা নিয়েও গেলে এতে কোনো বাধা নেই।’ তবে এ বিষয়ে প্রশ্ন করা হলে সংশ্লিষ্ট সচিব এমন মন্তব্য করার কথা অস্বীকার করেছেন বলেও জানান তিনি।

কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান।

সিইসির সঙ্গে সাক্ষাৎকালে বিএনপির প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য গিয়াসউদ্দিন রিমন।