• ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে জাতিসংঘের কার্যক্রম সমন্বয়ের আহ্বান বাংলাদেশের

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ণ
উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে জাতিসংঘের কার্যক্রম সমন্বয়ের আহ্বান বাংলাদেশের
সংবাদটি শেয়ার করুন....

বাংলাদেশের সংস্কার ও উন্নয়নের জন্য প্রণীত ২০২৬-২০৩১ মেয়াদি কৌশলগত কাঠামোর সঙ্গে জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মসূচি আরও ঘনিষ্ঠভাবে সমন্বয়ের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে জাতিসংঘের সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াকের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ জাতিসংঘের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্বকে অত্যন্ত গুরুত্ব দেয়। অভিন্ন অগ্রাধিকার ও জাতীয় উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে এ সহযোগিতা আরও জোরদার করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ।

বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার এগিয়ে নিতে ভূমিকা রাখায় জাতিসংঘ কান্ট্রি টিমের নেতৃত্ব দেওয়া ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াকের প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে সম্প্রতি অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের কর্মসূচিতে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ কার্যক্রমের বিষয়ও তুলে ধরেন তিনি। এর মধ্যে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথাও উল্লেখ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘের বিভিন্ন সংস্থার মধ্যে আরও কার্যকর সমন্বয় প্রয়োজন। পাশাপাশি সংস্থাগুলোর কর্মসূচিগুলো বাংলাদেশের সংস্কার ও উন্নয়নের জন্য প্রণীত ২০২৬-২০৩১ মেয়াদি কৌশলগত কাঠামোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সমন্বয় করা জরুরি।

রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়। এ সংকটে জাতিসংঘের মানবিক সহায়তার প্রশংসা করেন হুমায়ুন কবির। একই সঙ্গে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিজ ভূমিতে দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘের অব্যাহত প্রচেষ্টা কামনা করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, মিয়ানমারে সম্মানজনক প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র স্থায়ী সমাধানের পথ।

বৈঠকে ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক বাংলাদেশ সরকারের ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করেন। তিনি বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের অংশীদারত্ব আরও গভীর করার প্রস্তুতির কথা জানান।

একই সঙ্গে বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে জাতিসংঘের কান্ট্রি টিম প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।