
বরিশাল, ২৯ ডিসেম্বর ২০২৫ (বাসস) — ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ৬টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতার উদ্দেশ্যে মনোনয়নপত্র জমা প্রদান কার্যক্রম আজ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা বরিশাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বেলা ১২টা থেকে ধীরে ধীরে মনোনয়ন জমা দেন।
আজ বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এবং স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন দুপুর ১টার দিকে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে মনোনয়ন জমা দেন। বেলা ২টায় বরিশাল-৫ (বরিশাল সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া সকালে বাসদ মনীষা চক্রবর্তী এবং পরে জামায়াত মনোনীত অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীরা আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। তারা জানান, জনগণের মধ্যে কিছু শঙ্কা থাকলেও প্রশাসনের দায়িত্বশীল নজরদারির মাধ্যমে সব শঙ্কা দূর হয়ে সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে তাদের বিশ্বাস।
নির্বাচন কর্তৃপক্ষের তথ্যে জানা যায়, বরিশালের ৬টি আসনে আজ পর্যন্ত মোট ৪৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সুত্র: বাসস