রাজধানীর উত্তরার দক্ষিণখান মিয়াপাড়া ক্লাব রোড এলাকায় একটি ভবন নির্মাণে রাজউকের অনুমোদিত নকশা ও নির্মাণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ভবন মালিক মো. জাহাঙ্গির হোসেন রাজউকের নির্ধারিত নিয়ম না মেনে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মিয়াপাড়া ক্লাব রোডের পাশে নির্মাণাধীন ভবনটির সামনে রাজউকের নির্দেশনা অনুযায়ী ভবন নির্মাণ-সংক্রান্ত তথ্যসম্বলিত কোনো বোর্ড ঝুলানো হয়নি। ফলে ভবনটি রাজউকের অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণ করা হচ্ছে কি না, তা সরেজমিনে সহজে যাচাই করার সুযোগ নেই।
এ ছাড়া রাস্তার পাশে ভবন নির্মাণ করা হলেও সেখানে কোনো ধরনের নিরাপত্তাবেষ্টনী বা সেফটি ব্যবস্থা রাখা হয়নি বলে অভিযোগ রয়েছে। এতে নির্মাণকাজের সময় পথচারী ও আশপাশের মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
অভিযোগ রয়েছে, নির্মাণাধীন ভবনটির কলামের নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত ডেভিয়েশন করা হয়েছে। স্থানীয়দের দাবি, ভবনটির অনুমোদিত নকশার সঙ্গে বাস্তব নির্মাণকাজের মিল রয়েছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সরেজমিনে যাচাই করা প্রয়োজন।
অভিযোগের বিষয়ে ভবন মালিক মো. জাহাঙ্গির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “রাজউকের নিয়ম মেনেই ভবন নির্মাণ করা হচ্ছে।” তবে ভবন নির্মাণে নিরাপত্তাবেষ্টনী না থাকা এবং ডেভিয়েশনের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো স্পষ্ট বক্তব্য দেননি।
অন্যদিকে, বিষয়টি নিয়ে রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ভবন মালিককে একাধিকবার ভবনের নকশা নিয়ে রাজউক কার্যালয়ে আসার জন্য নির্দেশ দেওয়া হলেও তিনি এখনো সেখানে উপস্থিত হননি।
রাজউকের ওই কর্মকর্তা আরও বলেন, নকশাবহির্ভূতভাবে ভবন নির্মাণের প্রমাণ পাওয়া গেলে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ অবস্থায় নির্মাণাধীন ভবনটির অনুমোদিত নকশা ও বাস্তব নির্মাণকাজের মধ্যে কোনো অসঙ্গতি রয়েছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।