ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মানই গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন
অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১, ২০২৬, ২১:৪৩ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনই গণতন্ত্রের মূল শক্তি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে আটক এক স্কুলশিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে সসম্মানে ছেড়ে দেওয়ার ঘটনার পর বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
মাহদী আমিন জানান, কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এক স্কুলশিক্ষকের কটূক্তি ও আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ হলে পুলিশ ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনাটি প্রধানমন্ত্রীর নজরে আসার পর তিনি সংশ্লিষ্ট থানাকে ওই শিক্ষককে সসম্মানে ছেড়ে দিয়ে নিরাপদে তাঁর বাসায় পৌঁছে দেওয়ার নির্দেশ দেন বলে জানান মাহদী আমিন। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পুলিশ পরে শিক্ষককে নিরাপদে তাঁর বাসায় পৌঁছে দেয়।
প্রধানমন্ত্রীর অবস্থান তুলে ধরে মাহদী আমিন তাঁর পোস্টে বলেন, মতের ভিন্নতা থাকতেই পারে এবং প্রত্যেক মানুষের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও মতামত রয়েছে। কারও মতের সঙ্গে একমত না হলেও তার মতপ্রকাশের অধিকারকে সম্মান করা উচিত।
তিনি বলেন, ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মানই গণতন্ত্রের শক্তি। ইতিবাচক আচরণ, পারস্পরিক সম্মান ও সহাবস্থানের সংস্কৃতি সমাজকে আরও শক্তিশালী করবে—প্রধানমন্ত্রী এমনটাই বিশ্বাস করেন বলে জানান তাঁর কার্যালয়ের মুখপাত্র।
ঘটনাটিকে কেন্দ্র করে তিনি আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও পারস্পরিক সম্মানের পরিবেশ বজায় রাখা গণতান্ত্রিক সমাজের জন্য গুরুত্বপূর্ণ।