খেলাধুলা সুস্থ ও দায়িত্বশীল প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ: চিফ হুইপ
তরুণদের শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেম বিকাশে ক্রীড়াচর্চার বিকল্প নেই
অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৬, ০০:২৫ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
সুস্থ দেহ ও সুস্থ মনের জন্য খেলাধুলা অপরিহার্য বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, ক্রীড়াচর্চা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের বিকাশ ঘটায়। সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
শুক্রবার ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মোহাম্মদপুর তায়কোয়ানডো ক্লাব ও বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন আয়োজিত ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, বাংলাদেশের তরুণ-তরুণীরা খেলাধুলায় অত্যন্ত প্রতিভাবান। ক্রীড়াক্ষেত্রকে আরও এগিয়ে নিতে তাদের উৎসাহিত ও সম্পৃক্ত করতে হবে। খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না, এর মাধ্যমে তরুণদের মানসিক বিকাশ, দায়িত্বশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধও গড়ে ওঠে।
তিনি আরও বলেন, তরুণদের ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক কার্যক্রমেরও প্রসার ঘটানো প্রয়োজন। এ ধরনের আয়োজন তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সাফল্য কামনা করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। একই সঙ্গে চ্যাম্পিয়নশিপ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট আয়োজক, ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শায়রুল কবির খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আনিসুর রহমান এমপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।