তেল পাম্পে স্বজনপ্রীতির অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত এপ্রিল ১, ২০২৬, ২০:১৩ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বিভিন্ন স্থানে অব্যবস্থাপনা, দীর্ঘ লাইন ও অনিয়মের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে গ্রামীণ ও সীমান্তবর্তী অঞ্চলের অনেক পাম্পে তেল নিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের।
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকার জোহরা ফিলিং স্টেশনে সরেজমিনে দেখা যায়, প্রখর রোদের মধ্যে তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে ট্রাক, ট্রাক্টর, প্রাইভেট কার ও মোটরসাইকেল। শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে থাকলেও অভিযোগ উঠেছে, কিছু প্রভাবশালী ব্যক্তি লাইনের তোয়াক্কা না করে আগে তেল নিয়ে চলে যাচ্ছেন। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন মোটরসাইকেল চালকরা। সামান্য তেলের জন্য তাদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকজন ভুক্তভোগী জানান, তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেক সময় তেল পাওয়া যায় না, আবার প্রভাবশালীরা এসে আগে তেল নিয়ে চলে যান। এতে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছেন।
এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, পাম্প কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও স্বজনপ্রীতির কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। তারা বলেন, সঠিকভাবে সিরিয়াল মেনে তেল বিতরণ করা হলে এত ভোগান্তি হতো না।
এদিকে সংশ্লিষ্টদের মতে, দেশে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি আগের তুলনায় স্বাভাবিক থাকলেও কিছু এলাকায় চাহিদা বেশি থাকায় সাময়িক চাপ তৈরি হচ্ছে। তবে কোথাও অনিয়ম বা স্বজনপ্রীতির অভিযোগ থাকলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করছেন সচেতন মহল।
স্থানীয় ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের নজরদারি বৃদ্ধি এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি কমানোর দাবি জানিয়েছেন।