• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৫, ১৪:৫২ অপরাহ্ণ
প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি

সংগৃহীত ছবি

সংবাদটি শেয়ার করুন....

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রথমবারের মতো ভাড়াটিয়া ও বাড়িমালিকদের নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে। ডিএনসিসির আওতাধীন এলাকার বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের নিয়ে ‘ঢাকা শহরের বাড়ি ভাড়া’ সংক্রান্ত গোলটেবিল বৈঠক আগামী ২৭ নভেম্বর দুপুর দেড়টায় নগর ভবনে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামান জানান, সভায় ঢাকার বাড়িভাড়া সংক্রান্ত বর্তমান সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হবে। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) এক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৫ বছরে রাজধানীতে বাসা ভাড়া প্রায় ৪০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

একই সময়ে নিত্যপণ্যের দাম যেভাবে বেড়েছে, তার তুলনায় বাসা ভাড়া বেড়েছে প্রায় দ্বিগুণ। ক্যাবের আরেক জরিপে বলা হয়েছে, ঢাকার ২৭ শতাংশ ভাড়াটিয়া আয়ের প্রায় ৩০ শতাংশ, ৫৭ শতাংশ ভাড়াটিয়া আয়ের ৫০ শতাংশ, আর ১২ শতাংশ ভাড়াটিয়া আয়ের প্রায় ৭৫ শতাংশ ব্যয় করেন বাসা ভাড়া দিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৩ সালের খাদ্যনিরাপত্তা পরিসংখ্যান অনুযায়ী, সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারীদের মধ্যে ৭২ শতাংশই ভাড়া বাসায় থাকেন, নিজের বাসায় থাকেন মাত্র ২৫ দশমিক ৮৫ শতাংশ। সিটি কর্পোরেশনের বাইরে অন্যান্য শহরে ১৮ শতাংশ মানুষ ভাড়া বাসায় থাকেন। এছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর সময়ে শহরে বাসা ভাড়া বেড়েছে ৫ দশমিক ৮৯ শতাংশ। বর্তমানে ঢাকায় প্রায় আড়াই কোটি মানুষ বসবাস করছে। প্রতি বছর রাজধানীতে যোগ হচ্ছে ছয় লাখ ১২ হাজার মানুষ—অর্থাৎ প্রতিদিন প্রায় এক হাজার ৭০০ জন। বিশ্বের সর্বোচ্চ জনঘনত্বের শহর হিসেবে ঢাকার প্রতি বর্গকিলোমিটারে বসবাস করে ৪৩ হাজার ৫০০ মানুষ।