• ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বদল ও রূপান্তরের মহাসড়কে সাগরকন্যা: কুয়াকাটায় দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগের বর্তমান ও ভবিষ্যৎ

মতামত ডেস্ক
প্রকাশিত মে ৩১, ২০২৬, ১৪:৫৯ অপরাহ্ণ
বদল ও রূপান্তরের মহাসড়কে সাগরকন্যা: কুয়াকাটায় দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগের বর্তমান ও ভবিষ্যৎ
সংবাদটি শেয়ার করুন....

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতির নতুন মানচিত্র আঁকা হচ্ছে দেশের দক্ষিণাঞ্চলে। সেই মানচিত্রের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সাগরকন্যা কুয়াকাটা। একসময় যেখানে কুয়াকাটা ছিল সীমিত যোগাযোগ, মৌসুমি পর্যটন এবং অপর্যাপ্ত অবকাঠামোর কারণে অনেকটাই সম্ভাবনাহীন একটি উপকূলীয় অঞ্চল, সেখানে আজ এটি দেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটন, বিনিয়োগ ও ব্লু-ইকোনমি করিডোরে পরিণত হয়েছে।

পদ্মা সেতু চালুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ বিচ্ছিন্নতার অবসান ঘটেছে। একইসঙ্গে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত চার লেন মহাসড়ক, পায়রা গভীর সমুদ্রবন্দর, মেরিন ড্রাইভ, পর্যটন অবকাঠামো উন্নয়ন এবং সরকারের দীর্ঘমেয়াদি পর্যটন পরিকল্পনা কুয়াকাটাকে নতুন অর্থনৈতিক বাস্তবতায় নিয়ে এসেছে। ফলে রাজধানী ঢাকা থেকে কয়েক ঘণ্টার মধ্যেই দেশের একমাত্র সমুদ্রসৈকত, যেখানে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই দেখা যায়, সেখানে পৌঁছানো সম্ভব হচ্ছে।

আজ কুয়াকাটা শুধু একটি পর্যটন কেন্দ্র নয়; এটি দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক জাগরণের প্রতীক। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী, রিয়েল এস্টেট ডেভেলপার, হোটেল ও রিসোর্ট অপারেটর এবং পর্যটন উদ্যোক্তারা কুয়াকাটাকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ করছেন।

বর্তমানে কুয়াকাটার পর্যটন, আবাসন ও হসপিটালিটি খাতে শত শত কোটি টাকার বিনিয়োগ করছে দেশের বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী।
সেঞ্চুরি গ্রুপ তাদের Century Gold Coast,Kuakata. International Chain Beach Hotel & Spa, Century Treasure Island,Kuakata.Hotel & Butterfly Park এবং প্রায় ৩০০ একর জমি জুড়ে Century Kuakata Model Town প্রকল্পের মাধ্যমে কুয়াকাটার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
একইভাবে গোল্ডস্যান্ডস গ্রুপের Bay Breeze Kuakata, ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্টসের Eden Bay Kuakata, ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের আন্তর্জাতিক মানের হালাল ফাইভ-স্টার প্রকল্প, কৃষিবিদ গ্রুপের Krishibid Sea Palace, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট,পান করি কুয়াকাটা,বিশ্বাস হোটেল অ্যান্ড রিসোর্ট,সাগর কন্যা রিসোর্ট, রূপায়ণ গ্রুপ, সানসেট কুয়াকাটা হোটেল অ্যান্ড রিসোর্ট, শিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস, ওশান ভিউ হোটেল অ্যান্ড কনভেনশন এবং কুয়াকাটা গ্র্যান্ড হোটেলসহ বিভিন্ন প্রতিষ্ঠান এই অঞ্চলে বিনিয়োগ সম্প্রসারণ করছে।

এই বিনিয়োগের সবচেয়ে ইতিবাচক দিক হলো—কুয়াকাটার অর্থনীতি এখন আর কেবল কয়েকজন বড় বিনিয়োগকারীর মধ্যে সীমাবদ্ধ নেই। Fractional Ownership বা শেয়ারভিত্তিক বিনিয়োগ মডেলের মাধ্যমে সাধারণ মানুষও পর্যটন শিল্পে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। মাত্র কয়েক লাখ টাকার বিনিয়োগে আন্তর্জাতিক মানের হোটেল প্রকল্পে অংশীদার হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে, যা দেশের পর্যটন বিনিয়োগে নতুন মাত্রা যোগ করেছে।

গত কয়েক বছরে কুয়াকাটা পৌরসভা এলাকা, জিরো পয়েন্ট, মেরিন ড্রাইভ এবং গঙ্গামতী অঞ্চলে জমির মূল্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে পর্যটন মৌসুমের প্রচলিত ধারণাও বদলে গেছে। আগে যেখানে নভেম্বর থেকে মার্চ পর্যন্তই পর্যটকদের উপস্থিতি সীমাবদ্ধ থাকত, সেখানে এখন সারা বছরই পর্যটকের আনাগোনা দেখা যাচ্ছে। ফলে হোটেল, রিসোর্ট, পরিবহন, রেস্তোরাঁ এবং স্থানীয় ব্যবসাগুলোও বছরব্যাপী অর্থনৈতিক সুবিধা পাচ্ছে।

সরকারও কুয়াকাটাকে কেন্দ্র করে একাধিক মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। প্রায় ১,২১১ কোটি টাকার সৈকত সুরক্ষা প্রকল্প, আধুনিক বাস টার্মিনাল নির্মাণ, সম্ভাব্য বিমানবন্দর প্রকল্প এবং পর্যটন অবকাঠামো উন্নয়ন এই অঞ্চলের ভবিষ্যৎ সম্ভাবনাকে আরও শক্তিশালী করছে।

তবে কুয়াকাটার ভবিষ্যৎ সম্ভাবনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হতে পারে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা। পদ্মা সেতু এবং ভাঙ্গা থেকে কুয়াকাটা চার লেন মহাসড়ক ইতোমধ্যে এই অঞ্চলের অর্থনীতিকে গতিশীল করেছে। ভবিষ্যতে যদি ঢাকা-ভাঙ্গা-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা রেল যোগাযোগ বাস্তবায়িত হয়, তাহলে পর্যটন ও বাণিজ্যের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। একইসঙ্গে সম্ভাব্য বিমানবন্দর, পায়রা গভীর সমুদ্রবন্দর এবং মহাসড়ক সংযোগ কুয়াকাটাকে একটি পূর্ণাঙ্গ মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ও লজিস্টিক হাবে পরিণত করতে পারে।

সরকারি ও বেসরকারি পরিকল্পনা অনুযায়ী আগামী দশকে কুয়াকাটায় আন্তর্জাতিক পর্যটন অঞ্চল, মেরিন পার্ক, সি-অ্যাকোয়ারিয়াম, গভীর সমুদ্র ক্রুজ, সুন্দরবন-কুয়াকাটা সার্কুলার ট্যুরিজম সার্কিট এবং পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম জোন গড়ে উঠতে পারে। পাশাপাশি সৌরবিদ্যুৎ, সবুজ স্থাপনা এবং প্লাস্টিকমুক্ত পর্যটন ব্যবস্থার মাধ্যমে কুয়াকাটাকে একটি পরিবেশবান্ধব গ্রিন ট্যুরিজম হাবে রূপান্তরের পরিকল্পনাও এগিয়ে যাচ্ছে।

তবে সম্ভাবনার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জও রয়েছে। অপরিকল্পিত স্থাপনা নির্মাণ, সৈকত ভাঙন, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং বিনিয়োগবান্ধব প্রশাসনিক কাঠামো নিশ্চিত করা এখন সময়ের দাবি। কুয়াকাটার উন্নয়নকে অবশ্যই একটি কঠোর ও দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যানের আওতায় আনতে হবে। পর্যটন ও বিনিয়োগের নামে যেন পরিবেশ ধ্বংস না হয়, সেদিকেও সমান গুরুত্ব দিতে হবে।

কুয়াকাটা এখন শুধু একটি সমুদ্রসৈকতের নাম নয়; এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক জাগরণ, পর্যটন বিকাশ এবং ব্লু-ইকোনমির ভবিষ্যৎ সম্ভাবনার প্রতীক। পদ্মা সেতু, ভাঙ্গা-কুয়াকাটা চার লেন মহাসড়ক, সম্ভাব্য রেল যোগাযোগ, পায়রা গভীর সমুদ্রবন্দর, আধুনিক অবকাঠামো এবং দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগের সমন্বয়ে কুয়াকাটা দ্রুত একটি আন্তর্জাতিক মানের পর্যটন, বাণিজ্য ও বিনিয়োগ কেন্দ্রে পরিণত হচ্ছে।

পরিকল্পিত উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং টেকসই বিনিয়োগ নিশ্চিত করা গেলে আগামী ২০৩০ সালের মধ্যেই কুয়াকাটা দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা পরিবেশবান্ধব সুন্দর বন ও সমুদ্রভিত্তিক পর্যটন নগরী এবং বাংলাদেশের ব্লু-ইকোনমির অন‍্যতম প্রধান প্রবেশদ্বার হিসেবে আত্মপ্রকাশ করবে। সাগরকন্যার এই রূপান্তর কেবল একটি অঞ্চলের নয়, বরং সমগ্র বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার এক উজ্জ্বল অধ্যায়।

 

এম. জি. আর. নাসির মজুমদার
উদ্যোক্তা | সমাজকর্মী | নীতিবিশ্লেষক