• ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্ত হত্যা বন্ধে গুরুত্বারোপ, পেট্রাপোলে বিজিবি-বিএসএফের উচ্চপর্যায়ের বৈঠক

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ণ
সীমান্ত হত্যা বন্ধে গুরুত্বারোপ, পেট্রাপোলে বিজিবি-বিএসএফের উচ্চপর্যায়ের বৈঠক
সংবাদটি শেয়ার করুন....

ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)–এর উচ্চপর্যায়ের সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) পেট্রাপোলের বিএসএফ কনফারেন্স সেন্টারে বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন এবং বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএমএস, বিজিওএম, পিএসসি। অন্যদিকে, সাত সদস্যের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক ইন্সপেক্টর জেনারেল শ্রী দলজিত সিং, আইপিএস।

বৈঠকে সীমান্ত হত্যা বন্ধসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। এ ছাড়া সীমান্ত ব্যবস্থাপনায় দুই বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় উভয় পক্ষই গঠনমূলক ও ফলপ্রসূ মতবিনিময় করেন।

বৈঠকে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে উভয় পক্ষ তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ এবং সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে গৃহীত আলোচনা ও সিদ্ধান্ত সীমান্ত এলাকার মানুষের নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে উভয় দেশের প্রতিনিধিরা আশাবাদ ব্যক্ত করেন।