• ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১৫:৫৪ অপরাহ্ণ
বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল
সংবাদটি শেয়ার করুন....

বরিশালে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি দিন দিন বাড়ছে। দীর্ঘ প্রায় ২০ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে ঐতিহাসিক বেলস পার্ক মাঠ ও আশপাশের এলাকায় মানুষের ভিড় বাড়তে থাকে। সড়ক ও নৌপথে বরিশাল বিভাগের ছয় জেলা এবং বিভিন্ন উপজেলা থেকে দলে দলে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে পৌঁছাচ্ছেন।

সমাবেশস্থলে বিরাজ করছে উৎসবের আমেজ। বেলুন, ধানের শীষ প্রতীক ও দলীয় রঙে সাজানো হয়েছে বেলস পার্ক মাঠ। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে পুরো এলাকা হয়ে উঠেছে মুখরিত ও উৎসবমুখর।

বুধবার দুপুর ১২টায় আয়োজিত এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। দলীয় সূত্র জানায়, বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা এই জনসভায় অংশ নেবেন।

ভোর থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। অনেকেই ফজরের নামাজ শেষে মাঠে অবস্থান নেন। নারী নেতাকর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগান নিয়ে মাঠে প্রবেশ করেন।

ঝালকাঠি থেকে আগত ছাত্রনেতা আসিফ আল ইমরান বলেন, দীর্ঘদিন পর নেতা বরিশালে আসছেন—আজকের জনসমাগমই তরুণদের প্রত্যাশার প্রতিফলন।
পিরোজপুরের মঠবাড়িয়া থেকে নৌপথে আসা স্বেচ্ছাসেবক দলের কর্মী মজিবর মোল্লা বলেন, কষ্ট হলেও গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে সবাই মাঠে রয়েছে।

বরিশাল সদর উপজেলার চরকাউয়া থেকে আসা মহিলা দলের কর্মী নাজমা বেগম বলেন, নারীরাও এই আন্দোলনের অংশ। শান্তিপূর্ণ ও সুন্দর বাংলাদেশের প্রত্যাশা নিয়েই তারা জনসভায় অংশ নিয়েছেন।

সমাবেশ ঘিরে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাঠের উত্তর পাশে বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে। নারী নেতাকর্মীদের জন্য আলাদা বসার ব্যবস্থা রাখা হয়েছে। পুরো এলাকা তোরণ, ব্যানার ও ফেস্টুনে সজ্জিত।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, তারেক রহমানের বরিশাল আগমন দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করে তারা পরিবর্তন ও গণতন্ত্র প্রত্যাশা করে।

উল্লেখ্য, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বেলস পার্ক মাঠে সর্বশেষ ২০০৮ সালে নির্বাচনী জনসভা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ ১৬ বছর পর একই মাঠে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে পুরো দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।