বিএনপি কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী এবং নাটোর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি মুক্তিযুদ্ধের দল, মুক্তিযোদ্ধার দল এবং আমরা এই আদর্শকে ধারণ ও লালন করি; মুক্তিযুদ্ধে রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাক-হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর গণহত্যা চালালে দেশপ্রেমিক সেনা অফিসার জিয়াউর রহমান পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন যা স্বাধীনতার ঘোষণা দিয়েই কার্যত জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার পথ দেখায় এবং যদি বাংলাদেশ স্বাধীন না হতো, তবে এই ঘোষণা দেওয়ার কারণে তার কোর্ট মার্শালে ফাঁসি হতো।
বুধবার সকালে শহরের আলাইপুরের ধানের শীষের প্রার্থী প্রধান নির্বাচনী কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ইতিহাস বলে মুক্তিযুদ্ধ শুরু হলে সাধারণত রাজনৈতিক নেতারাই স্বাধীনতার ঘোষণা দেন, কিন্তু বাংলাদেশের মানুষ সেদিন নেতৃত্বশূন্যতায় ভুগছিল এবং রাজনৈতিক নেতারা কেউ স্বাধীনতার ঘোষণা না দেওয়ায় জিয়াউর রহমান উপলব্ধি করেন যে ঘোষণা না দিলে মানুষ ঐক্যবদ্ধ হবে না; তাই তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তির স্বপ্ন দেখান, রণাঙ্গনে নেতৃত্ব দেন এবং স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করায় কোটি মানুষের আবেগের নাম হয়ে ওঠেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ডের নাটোর জেলা শাখার সভাপতি আতিকুর রহমান তালুকদার এবং বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ইঞ্জিনিয়ার ফরিদ হোসেন, হাবিবুল ইসলাম আকন্দ হেলাল, আবুল কালাম আজাদ, সেকেন্দার আলী রোজ, জমশেদ আলী, গোলাম রসুল, নঈম উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সদস্য সচিব নির্বাচন পরিচালনা কমিটি ফরহাদ আলী দেওয়ান শাহীন প্রমুখ।