
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর–৮৫/১ (শার্শা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজীজুর রহমানের সঙ্গে শার্শা ও বেনাপোলের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় নাভারণের হক কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত প্রার্থী মাওলানা আজীজুর রহমান। সভায় তিনি আসন্ন নির্বাচনে নিজের নির্বাচনী ভাবনা, এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা এবং চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখেন।
মাওলানা আজীজুর রহমান বলেন, শার্শা একটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা হলেও এখানকার মানুষের ন্যায্য অধিকার ও কাঙ্ক্ষিত উন্নয়ন দীর্ঘদিন ধরে উপেক্ষিত। তিনি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সীমান্ত বাণিজ্য ও অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করেন। একই সঙ্গে সুশাসন, দুর্নীতিমুক্ত সমাজ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাংবাদিকরা সমাজ ও জাতির বিবেক হিসেবে কাজ করেন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় আরও বক্তব্য রাখেন বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমির মোঃ রেজাউল ইসলাম, সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী, এনসিপির আহ্বায়ক মুরাদ্দো দৌলা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মোঃ তৈবুর রহমান জাহাঙ্গীর, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান এবং উপজেলা সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম। এ সময় বক্তারা বলেন, শার্শা আসনে যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সাংবাদিক সমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।
মতবিনিময় সভায় শার্শা ও বেনাপোলের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা শেষে আয়োজকরা সাংবাদিকদের সক্রিয় উপস্থিতি ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।