খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উদযাপন উপলক্ষে আতশবাজি, পটকা ফোঁটানো, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উৎসব উদযাপিত হবে। উক্ত অনুষ্ঠান ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে পালনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে বুধবার ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৬ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব প্রকার আতশবাজি, পটকা ফোঁটানো, ফানুস ও গ্যাস বেলুন উড়িয়ে উৎসব পালনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পবিত্র বড়দিন উপলক্ষে অনুষ্ঠান সুষ্ঠু ও নিরাপদভাবে উদযাপনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছে।