প্রতিবন্ধী নারীর সম্পত্তি মামলায় পুলিশের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৬, ১৮:২১ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের ইকরি গ্রামের হাওলাদার বাড়ির পৈত্রিক সম্পত্তি সংক্রান্ত একটি চলমান মামলাকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ দাবির গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী প্রতিবন্ধী নারী রাবেয়া বেগম ন্যায়বিচার পাওয়ার পরিবর্তে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কনেশ্বর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা খলিলুর হাওলাদারের পৈত্রিক সম্পত্তি নিয়ে তার আত্মীয় মোহাম্মদ হাওলাদারের সঙ্গে দীর্ঘদিন ধরে দেওয়ানী মামলা চলমান রয়েছে। বর্তমানে মামলাটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ-এ আপিলাধীন।
এদিকে, বিষয়টির গুরুত্ব বিবেচনায় শরীয়তপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্থিতাবস্থা বজায় রাখতে ডামুড্যা থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি সার্কেল এসপি ও পুলিশ সুপারও বিষয়টি তদারকির নির্দেশনা দেন বলে জানা গেছে।
অভিযোগে আরও বলা হয়, তদন্তকারী কর্মকর্তা হিসেবে ডামুড্যা থানার এসআই খায়রুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেলেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি। পরবর্তীতে আদালতের প্রেরিত কাগজ থানায় জমা দিতে গিয়ে বাদীকে দুই দিন ঘুরতে হয়।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, থানায় কাগজ জমা দেওয়ার সময় এসআই খায়রুল ইসলাম বাদীর কাছ থেকে এক হাজার টাকা দাবি করে তা গ্রহণ করেন বলে অভিযোগ রয়েছে। এমনকি পুনরায় তদন্তে গেলে আরও পাঁচ হাজার টাকা দিতে হবে বলেও জানানো হয়।
এ ঘটনায় অসহায় ও প্রতিবন্ধী রাবেয়া বেগম চরম ভোগান্তিতে পড়েছেন। আইনি সহায়তা পাওয়ার পরিবর্তে এ ধরনের হয়রানি মানবাধিকার ও আইনের শাসনের পরিপন্থী বলে সচেতন মহল মনে করছে। এই বিষয়ে জানতে চাইলে এসআই খাইরুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন থানায় আসেন।