• ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব ডাক দিবস পালিত, দেশজুড়ে ডাকসেবা সপ্তাহ শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৬, ১৫:৫৭ অপরাহ্ণ
বিশ্ব ডাক দিবস পালিত, দেশজুড়ে ডাকসেবা সপ্তাহ শুরু
সংবাদটি শেয়ার করুন....

‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’ প্রতিপাদ্যে বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে আজ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ডাকসেবা সপ্তাহ পালনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ডাক অধিদপ্তর।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস-২০২৬। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’।

দিবসটি উপলক্ষে আজ রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে আলোচনা সভার আয়োজন করে ডাক অধিদপ্তর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি।

ডাক অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) কাজী আসাদুল ইসলামের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মহাপরিচালক (পিআরএল ভোগরত) মো. আরিফুল হক, বাংলাদেশ ন্যাশনাল ফিলাটেলিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল সাফি মজুমদার এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বিপিও-নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লা।

গ্রাহকদের নিরবচ্ছিন্ন ডাকসেবা নিশ্চিত করতে আজ ও আগামীকাল বাংলাদেশ ডাক বিভাগের সব পর্যায়ের কার্যালয়ে সাধারণ ডাকসেবা চালু রাখা হয়েছে। তবে এ কার্যক্রমের আওতায় সঞ্চয় ব্যাংক সেবা অন্তর্ভুক্ত নয়।

এদিকে, বিশ্ব ডাক দিবস উপলক্ষে আজ থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে পালিত হচ্ছে ‘ডাকসেবা সপ্তাহ’। এ কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব, ডাকটিকিট সংগ্রহ ও প্রদর্শনী এবং ডাকসেবাবিষয়ক মেলার আয়োজন করা হয়েছে।

এ ছাড়া দিবসটির প্রতিপাদ্যের ওপর রচনা, পত্রলিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাশাপাশি এ উপলক্ষে বেতার কথিকাও প্রচারিত হয়েছে।