• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আফ্রিকার আন্তর্জাতিক জনস্বাস্থ্য সম্মেলনে স্বাস্থ্য খাতে অভ্যন্তরীণ অর্থায়ন বৃদ্ধি, জাতীয় মালিকানা ও দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৬, ২৩:৪০ অপরাহ্ণ
আফ্রিকার আন্তর্জাতিক জনস্বাস্থ্য সম্মেলনে স্বাস্থ্য খাতে অভ্যন্তরীণ অর্থায়ন বৃদ্ধি, জাতীয় মালিকানা ও দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের
সংবাদটি শেয়ার করুন....

পরিবর্তিত বৈশ্বিক স্বাস্থ্য অর্থায়ন কাঠামোর প্রেক্ষাপটে স্বাস্থ্য খাতে অভ্যন্তরীণ অর্থায়ন বৃদ্ধি, সরকারের নেতৃত্ব ও জাতীয় মালিকানা সুদৃঢ়করণ, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার প্রদান এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ২৩-২৪ নভেম্বর অনুষ্ঠিত পঞ্চম আন্তর্জাতিক জনস্বাস্থ্য সম্মেলনে (5th International Public Health Conference in Africa) বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান হিসেবে অংশগ্রহণকালে তিনি এসব বিষয় তুলে ধরেন। উচ্চপর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল হেলথবিষয়ক মহাপরিচালকও অংশগ্রহণ করেন। আফ্রিকান ইউনিয়নের ৫৪টি সদস্যরাষ্ট্রসহ বিশ্বের ১১০টিরও বেশি দেশের প্রতিনিধিরা এ সম্মেলনে অংশগ্রহণ করছেন।

সম্মেলনের বিভিন্ন অধিবেশন ও নীতিনির্ধারণী আলোচনায় ড. হায়দার বলেন, বৈশ্বিক স্বাস্থ্য খাতে উন্নয়ন সহায়তা ও অর্থায়ন কাঠামোর দ্রুত পরিবর্তনের পরিপ্রেক্ষিতে উন্নয়নশীল দেশগুলোকে বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীলতা পর্যায়ক্রমে কমিয়ে স্বাস্থ্য খাতে নিজস্ব অর্থায়ন বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট দেশের সরকারকেই গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে সরকারের রাজনৈতিক অঙ্গীকার, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, জাতীয় মালিকানা এবং জবাবদিহি আরও সুদৃঢ় করা অপরিহার্য।

তিনি সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি দেশের নিজস্ব বাস্তবতা, চাহিদা, সক্ষমতা ও সম্পদের ভিত্তিতে সরকার পরিচালিত স্বল্প ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। এসব পরিকল্পনাকে জাতীয় উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করার পাশাপাশি উন্নয়ন সহযোগীদের সহায়তাকে জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

ড. হায়দার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য খাত সংস্কারের রূপরেখা তুলে ধরে বলেন, সরকার স্বাস্থ্য খাতে অভ্যন্তরীণ অর্থায়ন বৃদ্ধি, প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার আমূল সংস্কার এবং চিকিৎসানির্ভর স্বাস্থ্যব্যবস্থা থেকে রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষাকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থায় উত্তরণের লক্ষ্যে কাজ করছে।

ভবিষ্যৎ মহামারি, সংক্রামক রোগের প্রাদুর্ভাব, জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি এবং নতুন ও উদীয়মান স্বাস্থ্য হুমকি মোকাবিলায় একটি শক্তিশালী, স্থিতিস্থাপক ও অভিঘাতসহনশীল স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, স্বাস্থ্য জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতিকে বিচ্ছিন্ন বা সাময়িক কার্যক্রম হিসেবে বিবেচনা না করে নিয়মিত স্বাস্থ্যব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রাতিষ্ঠানিকীকরণ করতে হবে। এ লক্ষ্যে রোগ নজরদারি, গবেষণাগারের সক্ষমতা বৃদ্ধি, দক্ষ জনবল তৈরি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং জরুরি পরিস্থিতিতে কার্যকর সাড়া প্রদানের সক্ষমতা গড়ে তোলা জরুরি।

আফ্রিকা ও এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর মধ্যে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা (South-South Cooperation) জোরদারের আহ্বান জানিয়ে ড. হায়দার বলেন, জনস্বাস্থ্যের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর অর্জিত অভিজ্ঞতা, উদ্ভাবনী উদ্যোগ, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করা সম্ভব। বিশেষ করে রোগ প্রতিরোধকেন্দ্রিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা শক্তিশালীকরণ, ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন, দক্ষ স্বাস্থ্য জনবল তৈরি এবং জনস্বাস্থ্য গবেষণায় পারস্পরিক সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে।

স্বাস্থ্য খাতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে ওষুধ, টিকা, রোগ নির্ণয়সামগ্রী, চিকিৎসা সরঞ্জামসহ অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসামগ্রীর স্থানীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধির ওপরও তিনি গুরুত্বারোপ করেন। বিশেষ করে টিকা উৎপাদনে উন্নয়নশীল দেশগুলোর সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ বিনিয়োগের মাধ্যমে বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা সুদৃঢ় করার আহ্বান জানান।

এ প্রসঙ্গে তিনি বাংলাদেশের ওষুধশিল্পের উল্লেখযোগ্য অগ্রগতি, উৎপাদন সক্ষমতা ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশের জন্য গুণগত মানসম্পন্ন ও সাশ্রয়ী মূল্যের ওষুধের একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ওষুধ ও টিকা উৎপাদন, প্রযুক্তি বিনিময় এবং যৌথ বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ও আফ্রিকার দেশগুলোর মধ্যে কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

সম্মেলনের পাশাপাশি ড. এস এম জিয়াউদ্দিন হায়দার ইথিওপিয়া, রুয়ান্ডা, লিবিয়া, ইন্দোনেশিয়া, তানজানিয়া, ইয়েমেন ও জাম্বিয়াসহ বিভিন্ন দেশের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে পৃথক বৈঠক ও মতবিনিময় করেন। এসব বৈঠক স্বাস্থ্য খাতে বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ এবং নতুন আন্তর্জাতিক অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ সৃষ্টি করে।

সম্মেলনে ড. হায়দার আফ্রিকান ইউনিয়নের বিভিন্ন সদস্যরাষ্ট্র থেকে আগত তরুণ ও উদীয়মান জনস্বাস্থ্য গবেষকদের সঙ্গে আন্তরিক মতবিনিময় করেন। তিনি তাঁদের বিভিন্ন গবেষণা প্রকল্প, গবেষণার বিষয়বস্তু, পদ্ধতি ও জনস্বাস্থ্য খাতে গবেষণালব্ধ জ্ঞানের প্রয়োগ নিয়ে আলোচনা করেন। এ মতবিনিময়ের মাধ্যমে আফ্রিকার নতুন প্রজন্মের জনস্বাস্থ্য গবেষকদের চিন্তাভাবনা, উদ্ভাবনী উদ্যোগ ও গবেষণার সম্ভাবনা সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি হয়।

তিনি উন্নয়নশীল দেশগুলোর জনস্বাস্থ্য সমস্যার টেকসই সমাধানে স্থানীয় গবেষণা সক্ষমতা বৃদ্ধি, তরুণ গবেষকদের উৎসাহিত করা এবং এশিয়া ও আফ্রিকার গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন।

এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের অংশগ্রহণ বিশ্বদরবারে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের স্বাস্থ্য খাত সংস্কারের রূপরেখা ও অগ্রাধিকারসমূহ তুলে ধরার পাশাপাশি আফ্রিকা ও এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য কূটনীতি জোরদার, নতুন অংশীদারত্ব সৃষ্টি এবং বাংলাদেশের ওষুধ ও স্বাস্থ্যসামগ্রীর আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে।