• ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৬, ১৫:৪৫ অপরাহ্ণ
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং জলবায়ু অভিযোজন কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে বিবেচনা করছে। শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি প্রকৃতি সংরক্ষণ এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখাও জরুরি।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। অথচ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশটিকে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

জ্বালানি খাতে সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট-জিরো নির্গমন অর্জনের লক্ষ্যেও কাজ চলছে। এ জন্য বিশেষ কর প্রণোদনার মাধ্যমে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।

সবুজ শিল্পায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশে বর্তমানে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা রয়েছে। এ ছাড়া বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা সম্প্রসারণ, পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজ চলছে।

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনার কথাও জানান তিনি। একই সঙ্গে পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টারপ্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি হ্রাস, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানোর লক্ষ্য রয়েছে।

এ ছাড়া উপকূলীয় পুনরুদ্ধারকৃত জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা এবং জলবায়ু সহনশীলতা জোরদার করা সম্ভব হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থার সীমাবদ্ধতা তুলে ধরে তিনি বলেন, বিদ্যমান অর্থায়ন ব্যবস্থা এখনো অপর্যাপ্ত। উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকারও যথাযথভাবে বিবেচনা করা হচ্ছে না। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। এর সঙ্গে ক্রমবর্ধমান ঋণ পরিশোধের বোঝা ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নতুন করে ঋণ নয়, বরং অনুদান প্রয়োজন। পাশাপাশি নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং জলবায়ু অভিযোজন কার্যক্রমে জোরালো সহযোগিতা নিশ্চিত করতে হবে।

‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির ভিত্তিতে জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য জরুরি ঋণ ও ত্রাণ সুবিধা চালু, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার ও প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করা এবং সাশ্রয়ী অর্থায়ন ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করা।

এ ছাড়া ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে ন্যায়সংগত জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে কপ-৩১ সম্মেলনে ‘বেলেম-আন্তালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের প্রস্তাব করেন প্রধানমন্ত্রী।

জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। একই সঙ্গে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, কপ-৩১ সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল আসবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ যেন যথাযথভাবে প্রতিফলিত হয়।

বিশ্বনেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আসুন, আমরা আমাদের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপান্তর করি, বৈশ্বিক সংহতি জোরদার করি এবং একসঙ্গে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।’