• ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ জিয়ার আদর্শে ইবিকে পুনঃপ্রতিষ্ঠার কাজ চলছে: উপাচার্য

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ণ
শহীদ জিয়ার আদর্শে ইবিকে পুনঃপ্রতিষ্ঠার কাজ চলছে: উপাচার্য
সংবাদটি শেয়ার করুন....

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. কে. এম. মতিনুর রহমান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠাকালীন মূল লক্ষ্য ও আদর্শে ইসলামী বিশ্ববিদ্যালয়কে (ইবি) পুনঃপ্রতিষ্ঠিত করতে কাজ চলছে। অতীতের ক্ষতিগ্রস্ত অবস্থা থেকে বিশ্ববিদ্যালয়কে উত্তরণে বর্তমান প্রশাসন নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত দিনব্যাপী নানা কর্মসূচির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, বাংলাদেশ যখনই সংকটময় মুহূর্তে অবতীর্ণ হয়েছে, তখনই জিয়া পরিবার দেশের দায়িত্ব নিয়ে সংকট উত্তরণ ঘটিয়েছে।
১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের দায়িত্ব গ্রহণ করেছিলেন। একইভাবে ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানের পর জনগণের অখণ্ড সমর্থনে বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। ঠিক একইভাবে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে জনগণের জনরায়ে তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে সকাল ১০টায় উপাচার্য প্রফেসর ড. এ. কে. এম. মতিনুর রহমান
জাতীয় পতাকা ও উপ-উপাচার্য প্রফেসর ড. এমতাজ হোসেন মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে প্রশাসন ভবন চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্থাপন করা ভিত্তিপ্রস্তরস্থল প্রদক্ষিণ করে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভিত্তিপ্রস্তরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি শেষে এক মিনিট নীরবতা পালন এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। এসময় ট্রেজারার প্রফেসর ড. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. আতিকুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।