সনদ নয়, মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনাই সাফল্য: রাষ্ট্রপতি
উচ্চশিক্ষাকে কর্মবাজারের সঙ্গে সম্পৃক্ত করার আহ্বান, মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষিত বেকার তৈরি করেছে বলেও মন্তব্য
অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৬, ২২:০২ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
শিক্ষার্থীদের অর্জিত শিক্ষা ও দক্ষতা দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শিক্ষার্থীদের সাফল্যের প্রকৃত মূল্যায়ন শুধু ব্যক্তিগত অর্জনে নয়, বরং অন্যের জীবনে কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারছেন, তার ওপর নির্ভর করবে।
আজ সকালে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ২৭তম সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। যাদের শ্রম ও অবদানে দেশের অর্থনীতি সচল থাকে এবং জীবনের চাকা ঘোরে, তাদের যথাযথ গুরুত্ব দিতে হবে। অর্জিত শিক্ষা ও দক্ষতাকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।
সমাবর্তনকে জীবনের নতুন দায়িত্ব গ্রহণের অঙ্গীকার হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এটি শুধু সনদ অর্জনের আনুষ্ঠানিকতা নয়; বরং দীর্ঘদিনের অধ্যবসায়, পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হলেও মানুষ হয়ে ওঠার শিক্ষা কখনো শেষ হয় না।
তিনি বলেন, কেবল সনদসর্বস্ব জ্ঞান দিয়ে ব্যক্তি কিংবা দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এর জন্য প্রয়োজন অন্তর্গত প্রেরণা, সুগভীর দেশপ্রেম এবং মানবিক ও নৈতিক মূল্যবোধ।
উচ্চশিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্য শুধু প্রতিষ্ঠানের সংখ্যা কিংবা ডিগ্রিধারীর সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না। শিক্ষার গুণগত মান, সময়োপযোগী পাঠ্যক্রম, যোগ্য শিক্ষক, বাস্তব জ্ঞান ও দক্ষতা অর্জন এবং শোভন কর্মসংস্থানই একটি বিশ্ববিদ্যালয়ের সাফল্যের প্রকৃত মাপকাঠি।
বিগত দেড় দশকে শিক্ষাক্ষেত্রে অনিয়মের সমালোচনা করে তিনি বলেন, ওই সময়ে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষাব্যবস্থাও ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। কোনো রকম বাছবিচার ছাড়াই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়েছিল। এসব মানহীন প্রতিষ্ঠান উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে এবং সম্ভাবনাময় বিশাল তরুণ সমাজকে হতাশার অতলে ঠেলে দিয়েছে। এতে ব্যক্তির পাশাপাশি দেশের মেধা ও সম্ভাবনারও ব্যাপক অপচয় ঘটেছে।
এই পরিস্থিতি থেকে উত্তরণে বহুশিক্ষাধারার মধ্যে সমন্বয় করে একটি সমন্বিত জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান রাষ্ট্রপতি।
প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের নতুন দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রা, অর্থনীতি ও কর্মসংস্থানের প্রচলিত ধারণাকে বদলে দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, জীবপ্রযুক্তি ও রোবটিকসের মতো উদীয়মান প্রযুক্তি কর্মজগতের ধরন পরিবর্তন করছে। আজ যে জ্ঞান ও দক্ষতা দিয়ে কাজ করা হচ্ছে, আগামী কয়েক বছরে সেই কাজের জন্য সম্পূর্ণ নতুন দক্ষতার প্রয়োজন হতে পারে।
এ কারণে ডিগ্রি অর্জনের পাশাপাশি প্রতিনিয়ত নতুন কিছু শেখা, স্বাধীনভাবে চিন্তা করা, সমস্যা সমাধানের দক্ষতা অর্জন এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মানসিকতা গড়ে তোলার পরামর্শ দেন তিনি।
উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে সময়োপযোগী, কর্মমুখী ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে। শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, ব্যবহারিক ও কারিগরি শিক্ষা, বাস্তব অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে হবে।
তরুণদের শুধু চাকরিপ্রার্থী নয়, দক্ষ কর্মী, উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাংলাদেশের শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে হবে। তবে এই অগ্রযাত্রায় নিজেদের ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য ভুলে গেলে চলবে না। নিজেদের শিকড়ের সঙ্গে যুক্ত থেকেই বিশ্বের জ্ঞান ও অভিজ্ঞতা গ্রহণ করতে হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির নৈতিক ব্যবহার এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রযুক্তি যত উন্নতই হোক না কেন, মানুষের বিবেক, সততা, সহমর্মিতা ও নৈতিকতার বিকল্প হতে পারে না।
শিক্ষার্থীদের জীবনের প্রতিটি পর্যায়ে সততা ও ন্যায়নীতি অনুসরণের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, তাদের মেধা, দক্ষতা ও নেতৃত্বের মধ্য দিয়ে একটি জ্ঞানভিত্তিক, ন্যায়নিষ্ঠ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলে তিনি আশাবাদী।
বক্তব্যের আগে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড্যানিয়াল ডব্লিউ লান্ড ডিগ্রি অর্জনের যোগ্য শিক্ষার্থীদের আচার্যের সামনে উপস্থাপন করেন। পরে রাষ্ট্রপতি তাঁদের ডিগ্রি প্রদান করেন। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য আচার্যের পদকপ্রাপ্ত তিন শিক্ষার্থীসহ অন্য মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন তিনি।
এ সময় ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিসহ বেসরকারি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাহসী ও গৌরবোজ্জ্বল ভূমিকার কথাও স্মরণ করেন রাষ্ট্রপতি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. ম. তামিম। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন প্রফেসর ড. আইনুন নিশাত। এ ছাড়া বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আহমদ, এডুকেশন, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান মো. জাকারিয়া খান এবং বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দিদার হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আসিফ পারভেজ। এর আগে সকাল ১১টায় অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে সমাবর্তনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি।