• ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে রূপ দেওয়ার পরিকল্পনা – স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৬, ০০:১৬ পূর্বাহ্ণ
চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে রূপ দেওয়ার পরিকল্পনা – স্বাস্থ্যমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। আজ তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন, রোগীদের সাথে কথা বলেন এবং চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।
এসময় হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি, বায়োমেডিক্যাল ব্যবস্থা, রোগীদের পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ ও স্যালাইন সরবরাহ এবং ভর্তি রোগীদের খাবারের মান সম্পর্কেও মন্ত্রী তদারকি করেন । তিনি বলেন, ভর্তি রোগীদের প্রয়োজনীয় রক্ত পরীক্ষা হাসপাতাল থেকেই করার ব্যবস্থা করতে হবে। রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের খাবারের মান উন্নত করতে হবে। রোগীরা যাতে যথাযথ চিকিৎসাসেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন স্বাস্থ্যমন্ত্রী।
পরিদর্শনকালে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, পটিয়াসহ আশপাশের উপজেলার প্রায় ১১ লাখ মানুষ এ হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নেন। প্রতিদিন বহির্বিভাগে এক হাজারের বেশি রোগী চিকিৎসা নেন এবং ১০০ থেকে ১৫০ জন রোগী ভর্তি হন।
পরে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বৃহত্তর এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি মডেল হাসপাতালে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। বর্তমানে ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি প্রয়োজনীয়তা বিবেচনায় যেখানে হাসপাতাল নেই, সেখানেও নতুন ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে।
এসময় চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম ও চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি উপস্থিত ছিলেন।