আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৬, ১৬:৫৩ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে পতনের পর দলটি রাজনৈতিক দলের স্বীকৃতি হারিয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নয়, বরং নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে পতন ও দেশত্যাগের পর দলটির রাজনৈতিক দলের স্বীকৃতি নেই। বাংলাদেশের মানুষও দলটিকে সেই স্বীকৃতি দেবে না বলে মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতিহাসে জার্মানির নাৎসি বাহিনীর মতো গণহত্যাকারী ফ্যাসিস্ট ও মাফিয়া শক্তির রাজনীতিতে ফিরে আসার নজির নেই। তাঁর মতে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও ভবিষ্যতে বাংলাদেশে ফিরে এসে গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না।
পলাতক সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, একজন পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি কীভাবে দেশে ফিরতে চান, তা দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে প্রত্যর্পণ চুক্তি অনুসারেই তাঁর দেশে ফেরার সুযোগ রয়েছে। এ বিষয়ে সরকার ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশকে চিঠি দিয়েছে। ওই দেশও আইনানুগভাবে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
মন্ত্রী বলেন, ‘আসিব আসিব বলিয়া’ কতদিন পার হবে, তা নিয়ে নানা সময়ের কথা বলা হচ্ছে। কখনো নভেম্বর, কখনো ডিসেম্বর, আবার কখনো ১৬ ডিসেম্বরের কথা উল্লেখ করা হচ্ছে। এসব নিয়ে সরকারের কোনো উদ্বেগ বা চাপ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় সতর্ক অবস্থানে রয়েছে।
পলাতক নেতাদের কর্মকাণ্ড সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁরা সীমান্তের ওপারে পশ্চিম ও পূর্বাঞ্চলে অবস্থান করে দেশে থাকা নেতা-কর্মীদের মশাল মিছিল, লকডাউন, শাটডাউন ও হরতালের মতো নাশকতামূলক কর্মসূচি পালনের নির্দেশনা দিচ্ছেন। তাঁর অভিযোগ, পলাতক নেতারা দেশে থাকা নেতা-কর্মীদের প্রতারণা ও ফাঁদে ফেলে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। জনগণ এ ধরনের অপতৎপরতা মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে কাজ করে প্রাণহানি ও সম্পদহানি ছাড়াই আগের অপচেষ্টাগুলো প্রতিহত করেছে। ভবিষ্যতে কেউ উগ্রবাদী তৎপরতা, অগ্নিসন্ত্রাস কিংবা মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের বিষয়ে মন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোনো এলাকায় অস্থিরতা সৃষ্টির আশঙ্কা দেখা দিলে পুলিশের পাশাপাশি বিজিবি ও অন্যান্য বাহিনী মোতায়েন করা নিয়মিত কার্যক্রমের অংশ।
মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, দিবসটি নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে আন্তমন্ত্রণালয় সভার মাধ্যমে প্রয়োজনীয় নিরাপত্তা ও আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি একটি চলমান বিচারিক প্রক্রিয়া। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) আইন, ২০২৬ এবং সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ব্যক্তির পাশাপাশি দল বা সংগঠনকেও বিচারের আওতায় আনার বিধান রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত রেখেছে।
গোপালগঞ্জে নাশকতা এবং পুলিশের কয়েকজন কর্মকর্তার সম্পৃক্ততা নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক পক্ষপাতিত্ব বা ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও বিভাগীয় মামলা করা হয়েছে। সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা ও সেখানে কর্মরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকেও ক্লোজ করা হয়েছে।
তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের সম্মতি এবং মজুরি বোর্ডের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ন্যূনতম মজুরি নির্ধারণ ও স্বাক্ষরিত হয়েছে। এতে প্রকৃত শ্রমিক ও মালিকেরা সন্তুষ্ট বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, বর্তমানে শ্রমিক অঞ্চলে গুজব ছড়িয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তারা প্রকৃত শ্রমিক নয়। একটি মহল এ পরিস্থিতিকে রাজনৈতিক ষড়যন্ত্রের কাজে ব্যবহার করতে চাইছে বলেও মন্তব্য করেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে এবং এর পেছনে কারা ইন্ধন দিচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের বিষয়ে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। জোটগতভাবে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনার পরিকল্পনা রয়েছে।
ব্রিফিংয়ে দেওয়া তথ্য স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান, যিনি উপপ্রধান তথ্য অফিসার ও পরিচালকের দায়িত্বেও রয়েছেন।