• ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১, ২০২৬, ২২:০৩ অপরাহ্ণ
জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিএনপি সবসময় জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায় এবং জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করে। আমরা বিনা ভোটে বা রাতের অন্ধকারে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখি না। জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর মিরপুরে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ডেঙ্গু জ্বর ও প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নগরবাসীর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করে। ডিএনসিসি’র প্রশাসক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সাহসী নেতৃত্বে বর্তমান সরকার জনগণের কল্যাণ ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। সাত মাস সময়ে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতাই এর প্রমাণ। মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের স্বার্থবিরোধী কাজ বিন্দুমাত্র বরদাস্ত করা হবে না।

সম্প্রতি অনুষ্ঠিত উপনির্বাচনের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, অনৈতিক কর্মকাণ্ড ঢাকা দেওয়া রাজনৈতিক দলগুলোকে দেশের জনগণ প্রত্যাখান করেছে। বিএনপি একটি দায়িত্বশীল দল, সরকারের যেকোনো ব্যর্থতা বা বিদ্যুৎ লোডশেডিংয়ের মতো ইস্যুতে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে জাতির কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা পেশ করেছেন-এটিই বিএনপির সততা ও অন্যান্য দলের সাথে মূল পার্থক্য।

প্রতিমন্ত্রী আরো বলেন, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি নেতাকর্মীরা মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন। নিরাপদ খাবার পানি সরবরাহ, গ্যাস, প্রাথমিক চিকিৎসা, রাস্তাঘাটের উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত করা, বৃক্ষরোপণ এবং পরিষ্কার ও বাসযোগ্য ঢাকা গড়ার যে প্রচেষ্টা বিএনপি গ্রহণ করেছে, তার ওপর ভিত্তি করেই আগামী দিনে ঢাকাবাসী বিএনপির প্রার্থীদেরকে আবারও নির্বাচিত করবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা ক্যাম্পের মতো উদ্যোগ অসহায় ও সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তি নিশ্চিত করতে প্রশংসনীয় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ডিএনসিসির বাসিন্দাদের ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আক্রান্ত রোগী শনাক্তকরণ এবং চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে অনুষ্ঠানে এই অস্থায়ী স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ ক্যাম্পে আগত নগরবাসীদের স্ত্রীরোগ, শিশুস্বাস্থ্য, চর্মরোগ, ইপিআই, পরিবার পরিকল্পনা, অসংক্রামক ব্যাধি (NCD), পুষ্টি সেবা এবং সাধারণ চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।