• ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৬, ০০:৪৯ পূর্বাহ্ণ
রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন
সংবাদটি শেয়ার করুন....

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ও গার্ড অব অনার প্রদান না করার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা না দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতে কোনো মুক্তিযোদ্ধার প্রতি যেন এ ধরনের অসম্মানজনক আচরণ করা না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আবেছ উদ্দিন, সদস্য সচিব মো. আবদুল হান্নান, চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক মো. আবুল হাসনাত, সদস্য মো. চান আলীসহ প্রায় ৩০ থেকে ৪০ জন বীর মুক্তিযোদ্ধা। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে মো. আবেছ উদ্দিন বলেন, পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী মারা যাওয়ার পর তাঁর জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কিছু নেতাকর্মীর বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। তিনি একজন গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও কেন তাঁকে যথাযথ সম্মান ও গার্ড অব অনার দেওয়া হলো না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে তাঁরা এ মানববন্ধন কর্মসূচি পালন করছেন। ভবিষ্যতে যেন কোনো মুক্তিযোদ্ধাকে এভাবে অসম্মানিত হতে না হয়, সে জন্য সবাইকে সোচ্চার থাকতে হবে। চুয়াডাঙ্গা জেলার মুক্তিযোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে কোনো কর্মসূচি ঘোষণা করা হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে শহীদ হাসান চত্বরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।