• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ণ
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

ঢাকাসহ সারা দেশকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ঢাকা শহরকে টোকিওর মতো পরিচ্ছন্ন করে গড়ে তোলা সরকারের অন্যতম লক্ষ্য।

বুধবার সন্ধ্যায় টোকিওর হোটেল নিউ ওতানিতে জাপানপ্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ কমিউনিটির আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

তারেক রহমান বলেন, টোকিওর রাস্তাঘাটে ময়লা-আবর্জনা দেখা যায় না। অন্যদিকে ঢাকার বিভিন্ন স্থানে আবর্জনা জমে থাকে। এ পরিস্থিতির পরিবর্তন জরুরি। আবর্জনা থেকে জীবাণু ছড়ায়। তাই ঢাকাবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং যথাযথভাবে বর্জ্য অপসারণ করা প্রয়োজন।

তিনি বলেন, ঢাকাসহ সারা দেশ পরিচ্ছন্ন করার পাশাপাশি বায়ুদূষণ কমানো, পরিবেশের উন্নয়ন এবং বিভিন্ন স্থানে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাস্তায় আবর্জনার কারণে চলাচলে ভোগান্তি এবং দূষিত বাতাসের কারণে মানুষের অসুস্থতা ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। টোকিওর মতো ঢাকা শহরকে পরিচ্ছন্ন করা সম্ভব হলে সেটি হবে বড় ধরনের সংস্কার।

তারেক রহমান বলেন, সরকারের সংস্কারের অগ্রাধিকার হচ্ছে প্রান্তিক ও খেটে খাওয়া মানুষের কল্যাণ। শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের উন্নয়নে এমন উদ্যোগ নেওয়া হবে, যাতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ উপকৃত হন।

তিনি বলেন, রাজনীতিবিদ হিসেবে তিনি সেই সংস্কারকেই গুরুত্ব দেন, যার সুফল দেশের প্রান্তিক মানুষও পান। সাধারণ মানুষের জীবনমান উন্নত হয়—এমন উদ্যোগ গ্রহণই সরকারের অগ্রাধিকার।

প্রধানমন্ত্রী আরও বলেন, এসব সংস্কার বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। গণতন্ত্রমনা জনগণের সহযোগিতা পেলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। তবে সাধারণ মানুষের উপকারে আসবে—এমন সংস্কার কার্যক্রম বিএনপি সরকার যাতে বাস্তবায়ন করতে না পারে, সে ধরনের পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে তারেক রহমান বলেন, সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হলে প্রবাসীদের পরিবারসহ দেশের সাধারণ মানুষ উপকৃত হবেন। তাই তিনি এসব উদ্যোগকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “আমি বলছি না যে বিএনপিকে ভোট দেন। কাজগুলো যদি আপনাদের কাছে সঠিক মনে হয়, তাহলে সমর্থন দেন, যাতে আমরা সেগুলো বাস্তবায়ন করতে পারি।” এ সময় উপস্থিত প্রবাসীরা করতালির মাধ্যমে প্রধানমন্ত্রীকে সমর্থন জানান।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশসহ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নই সরকারের লক্ষ্য। কিছু সংস্কারে সীমিতসংখ্যক মানুষ উপকৃত হতে পারেন, তবে তাঁর অগ্রাধিকার এমন উদ্যোগ, যাতে সমাজের বৃহত্তর জনগোষ্ঠী লাভবান হয়।

এসব কাজ সম্পন্ন করতে পরিশ্রম, ধৈর্য ও ঐক্যের প্রয়োজন উল্লেখ করে তিনি দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে প্রবাসীদের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের শিশুদের জাপানি ভাষা শিক্ষা, স্বাস্থ্যসেবা ও খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ করে গড়ে তোলা, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, বন্ধ শিল্পকারখানা চালু, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বেসামরিক বিমান চলাচলমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জ্বালানির প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরীসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাপান বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে আলোকচিত্র উপহার দেওয়া হয়।