কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিএনপির সাত কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার বিকেলে পৃথক দুটি কেন্দ্রের আশপাশ থেকে তাদের আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথমে ইসলামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। পরে আলমাছিয়া মাদ্রাসা কেন্দ্রের পার্শ্ববর্তী এলাকা থেকে আরও চারজনকে আটক করা হয়।
স্থানীয়দের ভাষ্য, আটক ব্যক্তিরা কেন্দ্রের সংরক্ষিত এলাকায় ব্যানার টাঙাচ্ছিলেন। এ সময় টহলরত যৌথবাহিনীর সদস্যরা তাদের হেফাজতে নেয়।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথম ধাপে আটক চারজনকে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। অপর তিনজনের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।