ঈদ ছুটি শেষে সচল বেনাপোল বন্দর, কমতে শুরু করেছে পণ্যজট
বেনাপোল শার্শা যশোর
প্রকাশিত মার্চ ২৪, ২০২৬, ১৯:৫৫ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে যশোরের বেনাপোল স্থলবন্দরে ভারতের সঙ্গে আমদানি-রফতানি কার্যক্রম আবারও শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টা থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে দুই দেশের পণ্য আদান-প্রদান শুরু হয়। ছুটির সময় আমদানি-রফতানি ও পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকায় বন্দরে পণ্যজট সৃষ্টি হয় এবং সরকারের রাজস্ব আদায় ব্যাহত হয়। তবে কার্যক্রম শুরু হওয়ায় ধীরে ধীরে পণ্যজট কমতে শুরু করেছে।
ছুটি শেষে বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্ট, কাস্টমস ও বন্দরের কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকরা। বন্দরের বিভিন্ন স্থানে ট্রাক থেকে পণ্য খালাস ও লোডিং-আনলোডিং কার্যক্রম আবারও স্বাভাবিক হতে শুরু করেছে।
বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান, ঈদের ছুটি শেষে বন্দরের সব কার্যক্রম পুনরায় চালু হয়েছে। দ্রুত পণ্য খালাস নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে বন্দরের পণ্যজট দ্রুত কমে আসে।
বন্দর সূত্রে জানা গেছে, বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৬০০ ট্রাক পণ্য আমদানি এবং ২০০ ট্রাক পণ্য রফতানি হয়। এছাড়া রেল পথেও পণ্য আমদানি হয়ে থাকে। বন্দর থেকে দৈনিক ৫০০ থেকে ৬০০ ট্রাক পণ্য খালাস করা হয়। এসব আমদানি পণ্য থেকে প্রতিদিন প্রায় ১৫ কোটি টাকার রাজস্ব আদায় হয়, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
আমদানি পণ্যের মধ্যে রয়েছে শিল্পকারখানার কাঁচামাল, তৈরি পোশাক, শিশু খাদ্য, মাছ, কেমিক্যালসহ বিভিন্ন পণ্য। অন্যদিকে রফতানি পণ্যের মধ্যে রয়েছে পাট ও পাটজাত পণ্য, গার্মেন্টস, তৈরি পোশাক, কেমিক্যাল, টিস্যু, মেলামাইন ও মাছ।
সংশ্লিষ্টরা জানান, কয়েকদিনের মধ্যে বন্দরের পণ্যজট পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে এবং আমদানি-রফতানি কার্যক্রম আগের মতো গতিশীল হবে।