দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
স্বাস্থ্য খাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ; দুর্নীতি, অব্যবস্থাপনা ও অব্যবহৃত চিকিৎসাযন্ত্র নিয়ে উদ্বেগ
অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৬, ০০:৩১ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
উন্নত চিকিৎসার জন্য রোগীদের বিদেশমুখী হওয়া কমাতে দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা, আধুনিক প্রযুক্তি, দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, চিকিৎসার মান ও সেবার প্রতি মানুষের আস্থা বাড়াতে না পারলে প্রতিবছর বিপুল অর্থ দেশের বাইরে চলে যাওয়ার প্রবণতা কমানো কঠিন হবে।
মঙ্গলবার সকালে রাজধানীর শহীদ আবু সাইদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী ‘কোলোরেক্টাল সার্জারি সম্মেলন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, দক্ষ জনবল নিয়োগ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জবাবদিহিতা নিশ্চিত করে আধুনিক, সাশ্রয়ী ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হবে। চিকিৎসা কেবল পেশা নয়, এটি মানুষের জীবন, মর্যাদা ও আশার সঙ্গে সম্পর্কিত মহান দায়িত্ব। তাই রোগীর প্রতি মানবিক আচরণ, চিকিৎসার বিষয় সহজ ভাষায় বুঝিয়ে বলা, পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং দরিদ্র রোগীদের প্রতি বিশেষ সহমর্মিতা দেখানো জরুরি।
তিনি বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে কেউ যেন প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা ও দুর্নীতির সমালোচনা
গত ১৭ বছরে ফ্যাসিবাদী শাসন, অব্যবস্থাপনা, দুর্নীতি ও অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে দেশের স্বাস্থ্যব্যবস্থা কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি। তাঁর ভাষ্য, সাধারণ মানুষ সরকারি হাসপাতালে সময়মতো চিকিৎসা, ওষুধ ও প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হয়েছেন।