• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাদি ও এরশাদের ওপর গুলিবর্ষণের প্রতিবাদে বরিশালে বিএনপির বিক্ষোভ

বরিশাল
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২৫, ১৬:৫৫ অপরাহ্ণ
হাদি ও এরশাদের ওপর গুলিবর্ষণের প্রতিবাদে বরিশালে বিএনপির বিক্ষোভ

হাদি ও এরশাদের ওপর গুলিবর্ষণের প্রতিবাদে বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ। ছবি: বাসস

সংবাদটি শেয়ার করুন....

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি এবং চট্টগ্রাম বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর গুলিবর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি। এ ঘটনার প্রতিবাদে বরিশালে জেলা ও মহানগর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠন বিক্ষোভ সমাবেশ ও মিছিল আয়োজন করে।

শনিবার দুপুর ১২টায় নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল সদর–৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া পতিত সরকারের দোসররা এখনও দেশে সক্রিয় রয়েছে। তারা পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইছে।

তিনি বলেন, তফসিল ঘোষণার পর দেশ শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে। কিন্তু একটি মহল চায় না দেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক। সে কারণেই তারা নাশকতা, আগুন সন্ত্রাস এবং হত্যাকাণ্ডের মতো কর্মকাণ্ড চালাচ্ছে।

তিনি নেতাকর্মীদের এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব এবায়দুল হক চাঁন, মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মহসিন মন্টু, মহানগরের সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল হক তারিন এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন।

সমাবেশ শেষে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...