• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে আইন প্রণয়ন ও বাস্তবায়নের ওপর জোর দিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৬, ১৬:১৮ অপরাহ্ণ
খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে আইন প্রণয়ন ও বাস্তবায়নের ওপর জোর দিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম চাল ও আটা-ময়দায় পুষ্টি উপাদান বা ফর্টিফিকেশন বাধ্যতামূলক করার জন্য দ্রুত আইন প্রণয়ন ও কার্যকর বিধিমালা তৈরির ওপর জোর দিয়েছেন। কনভেনিং পার্টনারশিপ অন ফুড ফর্টিফিকেশন শীর্ষক সেমিনারে তিনি খাদ্যমন্ত্রী আফরোজা খানমকে উদ্দেশ্য করে এ দাবি জানান। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাদ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। আজ বুধবার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, ফার্মগেটে ফর্টিফিকেশন অ্যালায়েন্স অব বাংলাদেশ (FAB) এ অনুষ্ঠান আয়োজন করে।

​মীর শাহে আলম বলেন, জনগণের মাঝে পুষ্টিসমৃদ্ধ খাবার পৌঁছে দিতে সচেতনতার পাশাপাশি আইনি বাধ্যবাধকতা অত্যন্ত জরুরি। লবণ ও ভোজ্যতেলে আয়োডিন ও ভিটামিন যুক্ত করার বিষয়টি সফল হলেও চাল ও আটার ক্ষেত্রে তা এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। দেশে প্রতি বছর প্রায় ৩ কোটি ৯২ লাখ মেট্রিক টন চাল উৎপাদিত হয় এবং ৩ কোটি ২৫ থেকে ৩ কোটি ২৬ লাখ মেট্রিক টন চালের চাহিদা রয়েছে উল্লেখ করে তিনি জানান, চালের উৎপাদন ও মজুত পর্যাপ্ত থাকায় চালের ফর্টিফিকেশন বাস্তবায়নে সঠিক পরিকল্পনা ও সময়োপযোগী রূপরেখা প্রণয়ন করা সম্ভব।

​প্রতিমন্ত্রী আরও বলেন, হাসপাতাল, এতিমখানা, শিশু সদন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রেশনসহ সরকারি বিভিন্ন খাদ্য সহায়তা কর্মসূচিতে সরবরাহকৃত চাল ও আটাতে পর্যায়ক্রমে ফর্টিফিকেশন বাধ্যতামূলক করা যেতে পারে। এছাড়া খাদ্য নিরাপত্তা ও পুষ্টি কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কাজের পরিধি ও সমন্বয় আরও জোরদার করার আহ্বান জানান তিনি।