• ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়তাবাদী শ্রমিক দলের নতুন আহ্বায়ক আমান, সদস্যসচিব শিমুল বিশ্বাস

মোঃ রিপন আলী
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৬, ২৩:৩৭ অপরাহ্ণ
জাতীয়তাবাদী শ্রমিক দলের নতুন আহ্বায়ক আমান, সদস্যসচিব শিমুল বিশ্বাস
সংবাদটি শেয়ার করুন....

জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমানকে এবং সদস্যসচিব করা হয়েছে অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে। শনিবার (২১ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২৪ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাঁদের সম্মতিতে একযোগে পদত্যাগের পর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মোট সদস্য ৫১ জন।

জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সভায় প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দ্রুত কেন্দ্রীয় কাউন্সিল আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ লক্ষ্যে গঠনতন্ত্র পর্যালোচনা করে কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিলুপ্ত এবং নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে উপস্থিত ২৪ জন কর্মকর্তা সর্বসম্মতিক্রমে নিজেদের পদত্যাগ গ্রহণ করেন এবং নতুন কমিটিকে দায়িত্ব পালনে সর্বোচ্চ সহযোগিতার অঙ্গীকার করেন।

আহ্বায়ক ও সদস্যসচিব ছাড়াও নতুন কমিটিতে ৪৯ জন সদস্য রয়েছেন। এই কমিটি জাতীয়তাবাদী শ্রমিক দলের সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন প্রস্তুতি কমিটি হিসেবে দায়িত্ব পালন করবে।

সভায় গার্মেন্টসসহ বিভিন্ন খাতের শ্রমজীবী মানুষের সমস্যা, মজুরি বৃদ্ধি এবং তাঁদের অন্যান্য ন্যায্য দাবি আদায়ে সমর্থন ও সহযোগিতা দেওয়ার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে শ্রমিক আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন ব্যাহত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্রমিকদের সচেতন ও সংগঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন আনোয়ার হোসাইন, সাইদ আল নোমান এমপি, এম এম নাজিম উদ্দিন, হুমায়ুন কবির খান, ফিরোজ উজ জামান মামুন মোল্লা, সালাউদ্দিন সরকার, ফারাজী মতিউর রহমান, রফিকুল ইসলাম (রেলওয়ে), রহিম বক্স দুদু, মো. আবুল কালাম আজাদ, মো. মেহেদী আলী খান, নুরুল ইসলাম খান নাসিম, কাজী শেখ নুরুল্লাহ বাহার, মোস্তাফিজুল করিম মজুমদার, আবুল খায়ের খাজা, আবু সাঈদ, এম জি ফারুক, আব্দুস সামাদ, মিঞা মো. মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, মো. জাকির হোসেন, স ম জামাল উদ্দিন, মিজানুর রহমান চৌধুরী, আব্দুল গফুর, রফিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কোহিনুর মাহমুদ, আসাদুজ্জামান, খোরশেদ আলম, আব্দুল্লাহ আল-মামুন, হামিদা খাতুন, মফিদুল ইসলাম মোহন, সুমন ভূইয়া, কাজী শাহ আলম রাজা, বদরুল আলম সবুজ, কামরুল জামান, এম আর মঞ্জু, মো. মজিবুর রহমান, নাছরিন আক্তার ডিনা, মো. ফয়েজ আহমেদ খান, কাজী আমিরুল ইসলাম ফকু, খন্দকার জুলফিকার মতিন, জাকারিয়া প্রধান (খোকন), একে এম মনিরুল হক, মো. মমতাজ উদ্দিন, আজিজুল আলম খান, মো. আলাউদ্দিন, সোহরাব হোসেন লাইজু এবং জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন।

গঠনতন্ত্র অনুযায়ী, বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটির মেয়াদ দুই বছর। সর্বশেষ ২০১৪ সালের ২৮ এপ্রিল সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল।