তুরাগে সরকারি খাসজমি দখল ও রাজউকের নকশা লঙ্ঘনের অভিযোগে ছয়তলা ভবন নির্মাণ
জাহেদী আরমান
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৬, ১২:২১ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
রাজধানীর তুরাগ থানাধীন দিয়াবাড়ি ও চন্ডালভোগ এলাকার মাঝামাঝি বিআরটি এ অফিসের দক্ষিণ পাশে সরকারি খাসজমি দখল করে ছয়তলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে মো. শহীদুল্লাহর বিরুদ্ধে। একই সঙ্গে ভবন নির্মাণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদিত নকশা ও নির্মাণবিধি লঙ্ঘনের অভিযোগও পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ারিশ সূত্রে পাওয়া পৌনে চার শতাংশ জমির পাশেই সরকারি খাসজমি রয়েছে। অভিযোগ রয়েছে, ওই সরকারি জমির একাংশ দখলে নিয়ে প্রায় চার শতাংশ জমির ওপর ছয়তলা ভবন নির্মাণ করছেন শহীদুল্লাহ। এবং এখনো নির্মান কাজ চলমান রয়েছে।
অভিযোগ অনুযায়ী, ভবন নির্মাণের ক্ষেত্রে রাজউকের অনুমোদিত নকশা অনুসরণ করা হচ্ছে না। নকশায় নির্দেশিত জায়গা না ছেড়ে এবং কলামের নির্ধারিত অবস্থানের বাইরে ডেভিয়েশন করা হয়েছে। এ ছাড়া নির্মাণাধীন ভবনে কোনো নিরাপত্তাবেষ্টনী ব্যবহার করতে দেখা যায়নি। ভবনের সামনে রাজউকের অনুমোদনসংক্রান্ত তথ্যসংবলিত বাধ্যতামূলক নির্মাণ-তথ্য বোর্ডও দৃশ্যমান নয় বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বাড়ির মালিক মো. শহীদুল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কিছু অংশ বাদ দিয়েই ভবন নির্মাণের কাজ করছেন। পাশাপাশি সরকারি খাসজমির কিছু অংশ দখলের বিষয়টিও তিনি স্বীকার করেন বলে জানা গেছে।
তবে শহীদুল্লাহর ছেলে তাঁর বাবার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।
অন্যদিকে, বিষয়টি নিয়ে রাজউকের সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সরকারি খাসজমিতে ভবন নির্মাণের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি জমি দখল এবং অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরেজমিন তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তার সকল গাফিলতি দায়িত্বহীনতার দায় দায়িত্বপ্রাপ্তদের উপর চাপান।