• ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় দক্ষ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী ও ২৬ শিক্ষকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ; তৃতীয় ভাষা শেখা ও কারিগরি শিক্ষায় গুরুত্বারোপ

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ণ
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় দক্ষ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
সংবাদটি শেয়ার করুন....

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৪ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই ভবিষ্যতের কর্মজীবন ও নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে। শুধু পাঠ্যবইয়ের পড়াশোনায় সীমাবদ্ধ না থেকে খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমেও দক্ষতা অর্জন করতে হবে।

শিক্ষার্থীদের জন্য খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের উপযোগী পরিবেশ এবং মাঠ তৈরিতে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে ভবিষ্যৎ কর্মক্ষেত্রে শিক্ষার্থীরা বাড়তি সুবিধা পাবে। পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।

এ সময় শিক্ষার্থীদের ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা, প্রাণীদের প্রতি সদয় আচরণ করা এবং বাড়ির আশপাশসহ খালি জায়গায় গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এসব তথ্য জানান। এ সময় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় তারা প্রধানমন্ত্রীকে নিজ জেলা হবিগঞ্জ ভ্রমণের আমন্ত্রণ জানান। পরে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের হাতে চকলেট তুলে দেন।